এক বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার বহুল আলোচিত তিন পুলিশ হত্যার এক বছর পূর্তি আজ ২০ জুলাই বুধবার। ইতিমধ্যেই পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের বেশির ভাগকেই গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ আদালতে অভিযোগপত্র দিতে পারেনি।মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ২০ জুলাই উপজেলার ঢালারচর ইউনিয়নের দুর্গম ঢালারচর পুলিশ ফাঁড়ির চারজন পুলিশ ও একজন সোর্স মহিষের গাড়িতে চড়ে পাশের মাসুন্দিয়া ইউনিয়নের রাজধরদিয়া বাজারে খড়ি (জ্বালানিকাঠ) কিনতে যান। সেখানে চরমপন্থীরা ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ আলী ও সেপাই শফিকুল ইসলামকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় কনস্টেবল রশীদুল ইসলাম (সেদিন তিনিও খড়ি কিনতে গিয়েছিলেন) বাদী হয়ে ওহাব কাজী নামের একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে বেড়া থানায় হত্যা মামলা করেন। পুলিশের তদন্তের পর মামলায় ২০ জনকে আসামি করা হয়। ওই ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আইয়ুব আলী, নিজাম ফকির, আক্কাস আলী, রফিকুল ইসলাম ওরফে জইট্যা রফিক, কানা আলম ও শুকুর আলী সরদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা ও আমিনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই জহিরুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে একাধিক কারণ থাকতে পারে। তবে যে কারণই থাক, হত্যাকারীরা সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করেছে।এদিকে যে অস্ত্র দিয়ে তিন পুলিশকে হত্যা করা হয়, সেটি উদ্ধার করা গেছে বলে পুলিশ ধারণা করছে। সদর উপজেলার সুখচর থেকে গত বছরের ৮ নভেম্বর পুলিশ চরমপন্থী নেতা জাহিদ ওরফে নিস্তারকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ৫৫টি গুলিসহ একটি চায়নিজ রাইফেল উদ্ধার করে। হত্যাকাণ্ডের পরদিন ঘটনাস্থল থেকে পুলিশ যে ১১টি গুলির খোসা উদ্ধার করে তার সঙ্গে উদ্ধার করা ওই রাইফেলের গুলির হুবহু মিল খুঁজে পায় পুলিশ। ওই ঘটনার আট মাস পর ১৩ জুলাই পুলিশ উদ্ধার করা গুলির খোসা, গুলিসহ রাইফেলটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিজ্ঞানাগারে পরীক্ষার জন্য পাঠায়।যোগাযোগ করা হলে পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আসামিদের বেশির ভাগই গ্রেপ্তার হয়েছেন এবং কয়েকজন মারা গেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিআইডির পরীক্ষাগার থেকে চায়নিজ রাইফেলের ব্যাপারে প্রতিবেদন আসা মাত্রই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।