নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে মাজারে খাদেম সোনা মিয়াকে (৬৮) গলা কেটে হত্যার ঘটনার এক বছরেও মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। এতে হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী নিহতের স্ত্রী।
গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে হাটগাঁও গ্রামে আফজাল শাহর মাজারের খাদেম সোনা মিয়াকে (৬৮) গলা কেটে হত্যা করা হয়। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন প্রথমে মো. ইলিয়াছকে (২৪), পরে পুলিশ তাঁর সহযোগী সুজনকে (২১) আটক করে। দুজনের কাছ থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহত সোনা মিয়ার স্ত্রী নিলুপা বেগম বাদী হয়ে ইলিয়াছ ও সুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই দুজন ছাড়াও অন্য লোকজন এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে উল্লেখ করেন বাদী। গ্রেপ্তার হওয়া দুই আসামি বর্তমানে কারাগারে আছেন।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন (বর্তমানে ফেনীতে কর্মরত) বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে জঙ্গি-সংশ্লিষ্টতা থাকায় ঘটনাটি নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটও কাজ করে। তারাও গ্রেপ্তার হওয়া দুই আসামিকে নিয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে জঙ্গি-সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করেন। তা ছাড়া নিহত ব্যক্তির ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেতে সময় লাগাও মামলার অভিযোগপত্র দিতে বিলম্বের একটি কারণ।
এক প্রশ্নের জবাবে এসআই মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাটিকে একটি হত্যা মামলা হিসেবেই তদন্ত করছেন। সে হিসেবে তাঁদের তদন্ত শেষ। এখন নিয়ম অনুযায়ী অভিযোগপত্র প্রস্তুত করার জন্য জ্যেষ্ঠ কর্মকর্তার অনুমতির অপেক্ষায় রয়েছেন। অনুমতি পেলেই অভিযোগপত্র প্রস্তুত করা হবে। তিনি বলেন, মামলার এজাহারভুক্ত দুই আসামিই বর্তমানে কারাগারে আছেন। তাঁরা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আদালতে।
সোনা মিয়ার স্ত্রী নিলুপা বেগম এক বছরেও স্বামী হত্যার বিচার না পাওয়ায় হতাশা প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর হত্যাকারীরা যেখানে নিজেরাই আদালতের কাছে খুনের কথা স্বীকার করেছে, সেখানে পুলিশ কেন এক বছরেও তাঁদের বিচারের ব্যবস্থা করতে পারল না তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, মামলার বর্তমান অবস্থা কী পুলিশ তাঁকে কিছু জানায় না। তিনি ঢাকায় থাকার কারণে কিছু জানতে পারেন না। টাকা-পয়সার সমস্যার কারণে নোয়াখালীতে যেতেও পারেন না মামলার খবর নিতে।