পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যুবলীগ নেতা মো. লিটন পণ্ডিতকে (৩০) গুলি করে হত্যা মামলায় এক বছরেও অভিযোগপত্র দেয়নি পুলিশ। আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলার বিচার নিয়ে শঙ্কিত বাদী লিটনের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত।
জাকির হোসেন পণ্ডিত বলেন, ‘মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ এ হত্যা মামলার প্রধান আসামি। মামলায় অন্য ১৪ জন আসামি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রভাবশালী নেতা। এ কারণে মামলার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছি।’
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০১৬ সালের ২৫ জুলাই সকালে রফিউদ্দিন আহমেদের অনুসারী আওয়ামী লীগের এক নেতাকে হাতুড়িপেটা করেন আশরাফুর রহমানের অনুসারী কয়েক জন যুবক। এ নিয়ে দুই পক্ষের লোকজন দিনভর কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিকেলে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরে মহড়া দিতে থাকে। বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের কেন্দ্রীয় হরিমন্দির এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রফিউদ্দিন আহমেদের ছোড়া গুলিতে আশরাফুর রহমানের অনুসারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি লিটন পণ্ডিত গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ওই দিন রাতে লিটনের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে রফিউদ্দিন আহমেদকে প্রধান আসামিসহ ১৫ জনের নাম উল্লখ করে এবং অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন।
জাকির পণ্ডিত আরও বলেন, পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ, বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারসহ পাঁচজনের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। তাঁরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। পৌর মেয়র রফিউদ্দিনের শর্টগান দিয়ে ছোড়া গুলিতে লিটন পণ্ডিত গুলিবিদ্ধ হন।
মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, পৌর মেয়র রফিউদ্দিন আহমেদের একটি শর্টগান, পিস্তলসহ উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ এবং যুবলীগ নেতা বাবু শরিফের দুটি শর্টগান জব্দ করে ব্যালিস্টিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, চারটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়। তবে লিটন পণ্ডিত কার গুলিতে মারা গেছেন তা শনাক্ত করা যায়নি।
লিটনের বাবা আমির হোসেন বলেন, ‘লিটন পেশায় ব্যবসায়ী ছিলেন। লিটনের মৃত্যুর পর তাঁর স্ত্রী ও দুই ছেলের ভরণপোষণ আমাকে দিতে হচ্ছে।’
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল আমিন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।