এক বছরেও আসামিরা গ্রেপ্তার হয়নি, পুলিশ অভিযোগপত্র দেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রিকশাচালক মিলন হাওলাদার (৪০) হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার হননি। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা বদলি ও আসামিদের গ্রেপ্তার করতে না পারার অজুহাত দেখিয়ে আদালতে অভিযোগপত্র দিচ্ছে না পুলিশ। এ ঘটনায় বিচার নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে মিলনের পরিবার।মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গুলিসাখালী গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে মিলন হাওলাদার গত বছরের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন ১৪ ফেব্রুয়ারি দুপুরে গুলিসাখালী খালে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, মিলনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রতিবেদনের পর ২৮ ফেব্রুয়ারি মিলনের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে গুলিসাখালী গ্রামের ইসমাইল তালুকদার (৩৮) ও একই গ্রামের শহিদ খানকে (৪০) আসামি করে মঠবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ইসমাইলের সঙ্গে প্রতিবেশী এক নারীর অবৈধ সম্পর্ক মিলন জেনে যাওয়ায় আসামিরা তাঁকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করার নির্দেশ দেন। ১৩ মার্চ থানায় মামলা দায়েরের পর উপপরিদর্শক (এসআই) জলিল আহমেদ এর তদন্ত শুরু করেন। তিনি মামলার তদন্ত শেষ না করে বদলি হয়ে গেলে তদন্তের দায়িত্ব যায় উপপরিদর্শক ফেরদৌস হোসেনের কাছে। তিনিও মামলাটির অভিযোগপত্র না দিয়েই সম্প্রতি বদলি হয়ে যান।পারুল বেগম বলেন, ‘পুলিশকে টাকা দিতে না পারায় তারা মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করছে না। আসামিদেরও ধরছে না।’ ইসমাইল তালুকদারের স্ত্রী নুরজাহান বেগম বলেন, ‘আমার স্বামী নির্দোষ। তিনি ষড়যন্ত্রের শিকার।’ মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম এ যাহিদ জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কয়েকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হওয়ায় এবং আসামিদের গ্রেপ্তার করতে না পারায় অভিযোগপত্র দিতে বিলম্ব হচ্ছে।