এক বছরেও ইলিয়াস আলীর খোঁজ মিলল না, সব তৎপরতা বন্ধ
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে উদ্ধারে এখন আর কারও কোনো তৎপরতা নেই। বিএনপিতে তাঁর ঘনিষ্ঠ নেতারা মনে করেন, তিনি আর বেঁচে নেই। তবে এ নিয়ে তাঁরা প্রকাশ্যে কিছু বলতে চান না। ইলিয়াস আলী নিখোঁজের ঘটনা এক বছর পূর্ণ হয়েছে গতকাল বুধবার।এদিকে ইলিয়াস আলীর সন্ধান চেয়ে আদালতে করা রিট নিয়ে বাদীপক্ষের এখন আর কোনো আগ্রহ নেই। গত বছরের ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর স্বামীর সন্ধান চেয়ে হাইকোর্ট রিট আবেদন করেন। এতে সরকারের প্রতি রুল জারি করা হয়। কিন্তু সেই রিট নিয়ে বাদী এখন এগোতে চান না।জানতে চাইলে বাদীপক্ষের অন্যতম আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, এখন এ রিটের কোনো পরিবেশ নেই। তা ছাড়া এখন শুনানি করে বাদীপক্ষ কোনো ফল পাবে না। এ কারণে শুনানি করা হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ে কথা বলে জানা গেছে, ইলিয়াস আলীকে নিয়ে এখন কোনো বাহিনীর তৎপরতা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র প্রথম আলোকে জানায়, তারা মনে করছে, ইলিয়াস আলী আর বেঁচে নেই। এ কারণে অভিযান নিয়ে কোনো মাথাব্যথা নেই। গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর রূপসী বাংলা হোটেল থেকে বনানীর বাসায় যাওয়ার পথে বনানী এলাকা থেকে উধাও হন ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনছার আলী। বনানীর রাস্তায় পাওয়া যায় ইলিয়াসের গাড়িটি। এর পর থেকেই দাবি করা হয়, ইলিয়াস আলীকে খুঁজে বের করতে পুলিশের গুলশান বিভাগ, বনানী থানা, ডিবি, র্যাব মাঠে নেমেছে। কিন্তু তারা কী করছে, তা কেউ বলতে পারেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গতকাল সকালে ইলিয়াস আলীর বনানীর বাসায় যান। তিনি ইলিয়াস আলীর পরিবারের খোঁজখবর নেন। বাড়ি থেকে বের হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ইলিয়াস আলীকে কারা ধরে নিয়ে গেছে, সেটা বের করার দায়িত্ব সরকারের। আমরা মনে করি, তাঁকে সরকারি লোকজনই ধরে নিয়ে গেছে। তিনি সরকারের কাছেই আছেন। সরকার তাঁকে ফিরিয়ে দেবে, সেই প্রত্যাশা করি।’