এক বছরেও উচ্ছেদ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা দখল করে স্বেচ্ছাসেবক লীগ মহানগর কমিটির ১ নম্বর ওয়ার্ড শাখার কার্যালয় নির্মাণ করা হয়েছিল। ওই সময় সওজের কর্মকর্তা ও রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদ এটি উচ্ছেদ করার কথা বলেছিলেন। কিন্তু গত এক বছরেও এটি উচ্ছেদ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরমাণু চিকিৎসা কেন্দ্রের সামনে সীমানাপ্রাচীর ঘেঁষে সওজের আধা শতাংশ জায়গায় গত বছরের ফেব্রুয়ারি মাসে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় করা হয়। এপ্রিল মাসে সওজের পক্ষ থেকে কার্যালয়টি সরানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাদের নোটিশ দেওয়া হয়। কিন্তু আজও এটি সরানো হয়নি। সওজও সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেনি। গত শনিবার সরেজমিনে দেখা গেছে, সেখানে একটি চালাঘর করা হয়েছে। ঘরের চারদিকে টিনের বেড়া দেওয়া হয়েছে। এর সামনেই টাঙানো একটি সাইনবোর্ডে লেখা রয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রংপুর মহানগর ১ নম্বর ও মেডিকেল মোড় আঞ্চলিক কমিটি। সওজ সূত্রে জানা গেছে, মেডিকেল মোড়ের বিশ্বরোড সড়কসংলগ্ন এ জায়গাটি সরকারি। কেউ যাতে এই জায়গায় অবৈধভাবে কিছু করতে না পারে, সেজন্য সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সেই কাঁটাতারের বেড়া কেটে একটি রাজনৈতিক দলের কার্যালয় করা হয়েছে। মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাফিয়ার রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। শিগগিরই সেখান থেকে কার্যালয়টি সরানো হবে। রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদ গত শনিবার বলেন, সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় করা বেআইনি ও অবৈধ। অবিলম্বে সংশ্লিষ্ট বিভাগকে কার্যালয়টি উচ্ছেদ করার জন্য তাগিদ দেওয়া হবে। সওজের রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদুন্নবী বলেন, যাঁরা এই জায়গা দখল করেছেন, তাঁদের গত বছর এপ্রিল মাসে ঘর তুলে নেওয়ার জন্য একটি চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু এখনো তা সরানো হয়নি।