এক বছরেও উদ্ধার হননি অপহৃত ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরেও চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী গ্রামের অপহৃত ব্যবসায়ী সোহেল রানার (২৪) সন্ধান মেলেনি। একমাত্র ছেলেটি বেঁচে আছে কি না, তাও জানতে পারেননি তাঁর বৃদ্ধ বাবা-মা। শিশুসন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন সোহেলের স্ত্রী।
সোহেল উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া এলাকার একতা ইটভাটার মালিক। গত বছরের ১০ জানুয়ারি সোহেলকে বাড়ির পাশের বদরগঞ্জ বাজার থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণের টাকায় তাঁকে ছাড়িয়ে আনার চেষ্টাও একপর্যায়ে ব্যর্থ হয়ে যায়।
এ ঘটনায় সোহেলের ফুফাতো ভাই মো. রুবেল হোসেন গত বছরের ১৩ জানুয়ারি সদর থানায় মামলা করেন। মামলাটি থানা-পুলিশ থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শুরু করলেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল শুক্রবার দুপুরে দশমী গ্রামের বাড়িতে কথা হয় সোহেলের বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে। মা আহিনুর বেগম বলেন, ‘যেকোনো কিছুর বিনিময়ে হলেও আমি ছেলেরে ফেরত চাই।’
নিজ মহল্লাতেই অভিভাবকের পছন্দে সুলতানা খাতুনকে বিয়ে করেন সোহেল রানা। সুলতানা বর্তমানে বদরগঞ্জ বাকিবিল্লাহ মাদ্রাসায় কামিল শেষ বর্ষে পড়াশোনা করছেন। সুলতানা জানান, ছেলের বয়স যেদিন ১ মাস ৮ দিন, সেদিনই তাঁর বাবা অপহৃত হন। ছেলে এখন বাবা বলে ডাকতে শিখেছে। অথচ বাবাই নিখোঁজ। কোনো দিন সে বাবার আদর পাবে কি না, তা আল্লাহই জানেন।
সোহেলের বাবা আবদুল বারী জানান, স্থানীয় দুই জনপ্রতিনিধিসহ কয়েকজন মধ্যস্থতাকারী হিসেবে কয়েক দফায় ১৩ লাখ ৫০ হাজার টাকা নেন। ছেলের সন্ধানে ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জের বরইপাড়াতে লোক পাঠানো হয়েছিল। থানা ও গোয়েন্দা পুলিশ তদন্তের নামে জেলা ও জেলার বাইরে অভিযান চালায়। ছেলের খোঁজে বিভিন্ন সময়ে আরও দেড় লাখ টাকা খরচ হয়েছে।
আবদুল বারী আরও বলেন, ছেলেকে উদ্ধারে ব্যর্থ হয়ে সপ্তাহ খানেক আগে কুতুবপুর ইউপির চেয়ারম্যান নজরুলসহ বেশির ভাগ লোকই টাকা ফিরিয়ে দিয়েছেন। তবে ইউপি চেয়ারম্যানের ভাই হালিমের কাছে ১ লাখ ২০ হাজার ও অহিদের কাছে ১ লাখ ১৫ হাজার টাকা পাওনা রয়েছে। ছেলেকে উদ্ধারে পুলিশও কোনো আশার বাণী শোনাতে পারছে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক খালেদ হাসান জানান, সোহেল রানা অপহরণ মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবাই বর্তমানে জামিনে রয়েছে। মূল সন্দেহভাজন ভুলটিয়ার সিদ্দিক আত্মগোপনে রয়েছে। তাকে ধরতে পারলেই প্রকৃত ঘটনা জানা যাবে।