পিরোজপুরের কাউখালী থানা ছাত্রদলের নেতা তারিফুর রহমান হত্যা মামলার প্রায় এক বছরেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। পুলিশ ও পরিবার সূত্রে জনা গেছে, কাউখালী থানা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তারিফুর রহমান গত ১ জানুয়ারি পিরোজপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিয়ে কাউখালী ফিরছিলেন। বেলা তিনটার দিকে বেকুটিয়া ফেরিঘাট থেকে সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে আধা কিলোমিটার দূরের একটি ইটভাটায় নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।তারিফুরের ভাই আরিফুর রহমান জানান, ওই দিন রাত নয়টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে তারিফুর মারা যান। এ ঘটনায় তিনি বাদী হয়ে সেলিম, শরীফসহ পাঁচজন এবং অজ্ঞাতনামা আরও বেশ কিছু সন্ত্রাসীর বিরুদ্ধে কাউখালী থানায় মামলা করেন।আরিফুর রহমান বলেন, ‘আমরা এখন আমাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আসামিরা প্রকাশ্যে ঘুরছে। পুলিশ তাদের ধরছে না।’ মামলার তদন্ত কর্মকর্তা কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম গতকাল শনিবার বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর আমি এ মামলার দায়িত্ব নিয়েছি। এর আগে কী হয়েছে, আমি জানি না। আমার জানা মতে আসামিরা এলাকায় নেই।’