এক বছরেও খবর নেই, এক রাতে অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ২০১২-১৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১৮টি প্রকল্পের কাজ যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল গত এক বছরে এসব প্রকল্পের খবর না নেওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। অর্থবছর শেষ হওয়ার আগের দিন তিনি প্রকল্পগুলো অনুমোদন করেছেন। এসব প্রকল্পের বরাদ্দ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য তিনি এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধরমপাশা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে উপজেলা পরিষদের অধীন বাজার উন্নয়ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ, সড়ক উন্নয়ন, ঘর মেরামত, বিদ্যালয় উন্নয়ন, উপজেলা পরিষদের রেস্ট হাউস, অভ্যন্তরীণ রাস্তা, ডরমেটরি ভবনের পানির সরবরাহ লাইন মেরামতসহ মোট ১৮টি প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য গত বছরের এপ্রিল ও মে মাসে দরপত্র আহ্বান করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল।
এলজিইডির ধরমপাশা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, উপজেলা দরপত্র কমিটি নির্ধারিত সময়ে ঠিকাদার নির্বাচিত করে এ-সংক্রান্ত কাগজপত্র অনুমোদনের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে পাঠিয়েছিল। কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান যথাসময়ে অনুমোদন না দেওয়ায় প্রকৌশল বিভাগ কার্যাদেশ দিতে পারেনি। এ কারণে যথাসময়ে কাজও শেষ করা যায়নি। ২৯ জুন রাতে তড়িঘড়ি করে তিনি এসব প্রকল্প অনুমোদন করেন।
চামরদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাকর তালুকদার অভিযোগ করেন, এ বরাদ্দ থেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল যথাসময়ে প্রকল্প অনুমোদন করেননি। এখন নামমাত্র কাজ করেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টাকা লুটপাট করার পাঁয়তারা করছেন।
ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী নূরুল আলম চৌধুরী জানান, এডিবির কাজ বাস্তবায়নের অনুমোদন দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। কিন্তু অনুমোদন পেতে দেরি হওয়ায় ঠিকাদারকে সময়মতো কার্যাদেশ দেওয়া যায়নি। তবে এ বরাদ্দের টাকা তুলে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো ঠিকাদারের বিপরীতে অর্থ ছাড় করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, এটি হাওর এলাকা। চারদিকে পানি থাকায় এলাকার উন্নয়নের স্বার্থে ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর যৌথ ব্যাংক হিসাবে এসব প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া টাকা তুলে রাখা হয়েছে। কাজ আদায় করে ঠিকাদারদের বিল দেওয়া হবে।
জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে জানার দরকার কী? সঠিকভাবে কাজ শেষ করতে পারলেই হলো। কাজ আদায় করে আমরা ঠিকাদারদের বিল দেব।’
জেলা প্রশাসক মুহম্মদ ইয়ামিন চৌধুরী জানান, এডিবির কাজ বাস্তবায়ন না করে টাকা তুলে রাখার কোনো নিয়ম নেই। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।