এক বছরেও খোঁজ মিলল না বৃদ্ধের
গত বছরের ১৪ জুলাই বিকেলে বাসা থেকে নামাজ পড়তে বের হয়েছিলেন ৮০ বছরের মো. ওয়াজিউল্লাহ। আজ পর্যন্ত ঘরে ফেরেননি তিনি।স্বজনেরা বলেছেন, ওয়াজিউল্লাহ গণপূর্ত অধিদপ্তরের জরিপকারী ছিলেন। অবসর গ্রহণের পর থেকে চুক্তি ভিত্তিতে তিনি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত ওই কাজ করতেন।পরিবারের দাবি, একটি বিপণিবিতানের মালিকানা নিয়ে মামলার জেরেই প্রভাবশালী প্রতিপক্ষ গায়েব করেছে ওয়াজিউল্লাহকে। তাঁরা বলেছেন, ১৯৯০ সালে ওয়াকফ প্রশাসন থেকে জমি ইজারা নিয়ে ফুলবাড়িয়া এলাকায় ‘ঢাকা সুপার মার্কেট’ গড়ে তোলেন ওয়াজিউল্লাহ। তবে এ নিয়ে মামলা হয়। দীর্ঘদিন মামলা চলার পর একপর্যায়ে ২০০৮ সালে মার্কেটটি থেকে তাঁদের দখল হাতছাড়া হয়ে যায়। এখনো এ নিয়ে মামলা চলছে।ওয়াজিউল্লাহর ছেলে ওহিদুর রহমান বলেন, মামলার প্রতিপক্ষের লোকজন বাবা ও তাঁকে আসামি করে ছিনতাই, চাঁদাবাজির অভিযোগে চারটি মামলা করেছে। যখন মামলাগুলো হয়, তখন তাঁর বয়স ১৩ আর বাবার বয়স ৭৩। কিন্তু প্রতিটি মামলাতেই তাঁর বয়স দেখানো হয়েছে ২৫ আর তাঁর বাবার বয়স ৫০।ওহিদুর বলেন, ওয়াজিউল্লাহকে অপহরণ করা হয়েছে সন্দেহে তাঁরা স্থানীয় সাতজনকে আসামি করে একটি মামলা করেছেন। কিন্তু পুলিশ তাঁদের কাউকেই জিজ্ঞাসাবাদ পর্যন্ত করতে পারেনি। মামলার আসামিরা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।মামলাটি বর্তমানে তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান। প্রথম আলোকে তিনি বলেন, মামলার তদন্তে একাধিকবার নিখোঁজের গ্রামের বাড়ি নোয়াখালী গেছেন। ঢাকায় তিনি যেসব এলাকায় যেতেন, সেখানে গেছেন। কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি। এসআই আবদুল হান্নান আরও বলেন, আসামিরা সবাই উচ্চ আদালত থেকে জামিন নিয়ে রয়েছেন। তাই তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।