এক বছরেও গ্রেপ্তার হননি অভিযুক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নারী সদস্যকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা এক বছরেও গ্রেপ্তার হননি।আসামিরা হলেন: একই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য মো. আবদুল খালেক এবং একই এলাকার মো. তছলিম ও মো. অজিউল্লাহ। ইউনিয়ন পরিষদের ওই নারী সদস্য ও তাঁর স্বামীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিদের হুমকির কারণে তাঁরা এলাকায় যেতে পারছেন না। আসামিরা তাঁদের বসতঘর লুট ও চরের আবাদি জমি দখলে নিয়েছেন।ওই নারী ইউপি সদস্যের ভাষ্যমতে, ২০১১ সালের ২৪ নভেম্বর আবদুল খালেক তাঁকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যান। সেখানে চার দিন আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন খালেক। পরে পুলিশ ও পরিবারের লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করেন। ওই নারী ইউপি সদস্যদের স্বামী জানান, এ ঘটনায় তিনি লক্ষ্মীপুরের বিচারিক হাকিমের আদালতে অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেন। অভিযুক্ত ইউপি সদস্য আবদুল খালেক তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে বিয়ে করার জন্য ওই নারী ইউপি সদস্য স্বামীর সংসার ছেড়ে আসেন। পরে পরিবারের লোকজনের চাপের মুখে এখন তিনি অন্য কথা বলছেন।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।