এক বছরেও গ্রেপ্তার হননি আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক সদরুল নিপুল হত্যা মামলার আসামিদের এক বছরেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দুই দফায় তদন্ত কর্মকর্তা বদল হলেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি। নিহত সাংবাদিকের পরিবার মামলার ভবিষ্যৎ নিয়ে ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে।
গত বছরের ২০ মে দিবাগত রাতে দুর্বৃত্তরা সদরুলকে সদর উপজেলার মোমিনপুর গ্রামের বাড়ি থেকে কৌশলে মুঠোফোনে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে রেলওয়ে পুলিশ মোমিনপুর স্টেশন থেকে তাঁর ১০ টুকরা লাশ উদ্ধার করে। ২২ মে নিহতের স্ত্রী নীলিমা ইয়াসমিন বাদী হয়ে সদর উপজেলার বোয়ালমারী গ্রামের ক্যাপ্টেনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হিসেবে দায়িত্ব দেওয়া হয় চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোনায়েমকে।
সদরুল নিপুলের স্ত্রী নীলিমার অভিযোগ, দফায় দফায় আইও বদল হলেও তদন্ত এগোয়নি। এজাহারভুক্ত আসামিসহ সন্দেহভাজনদের সুনির্দিষ্ট অবস্থান জানানোর পরও ধরা হয়নি।
তদন্তে অবহেলার অভিযোগ অস্বীকার করে পোড়াদহ রেলওয়ে থানার ওসি এনামুল হক জানান, এজাহারভুক্ত আসামি ক্যাপ্টেনকে এ মামলায় গ্রেপ্তার দেখাতে চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে আবেদন করা হয়েছে।