এক বছরেও গ্রেপ্তার হয়নি তিন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার এক বছর আজ সোমবার। এই এক বছরে মামলার অভিযোগপত্রে অভিযুক্ত আটজনের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। তিনজন এখনো পলাতক। আর বাকি একজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

গত বছর ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী চলতি বছরের ৩ জুলাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযুক্ত আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে চারজন কারাগারে আছেন। তাঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইল পাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলি এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩) ও পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮)।

পলাতক তিন আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১), কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪) ও গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন। এই মামলার অপর অভিযুক্ত আসামি পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) ইতিপূর্বে রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গ্রেপ্তার মাসুদ, ইছাহাক ও লিটন ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কুনিওকে হত্যার কথা স্বীকার করে বলেছেন, মাসুদ রানা গুলি করেছেন। মোটরসাইকেলে ছিলেন তিনজন। নজরুল ওরফে বাইক হাসান মোটরসাইকেল চালাচ্ছিলেন। মাসুদ মাঝখানে বসেছিলেন। আর একজন ছিলেন বিজয়। তাঁর কোনো ঠিকানা–পরিচয় না পাওয়ায় মামলার অভিযোগপত্র থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগপত্রে কুনিও হত্যায় ব্যবহৃত পিস্তল ও মোটরসাইকেল উদ্ধারের কোনো তথ্য দেওয়া নেই।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ‘আমার দায়িত্ব ছিল অভিযোগপত্র দাখিল করা। আমি তা আদালতে জমা দিয়েছি। এরপর কিছু জানার বিষয় থাকলে আদালত বলতে পারবেন।’

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, মামলাটি কাউনিয়ার বিচারিক আমলি আদালতে রয়েছে। এখনো মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়নি।

এই হত্যাকাণ্ড জড়িত সন্দেহে মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান বিপ্লব ও কুনিওর ব্যবসায়িক সহযোগী হ‌ুমায়ুন কবির হীরাসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও প্রমাণ না পাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। এঁদের মধ্যে রাশেদ ও হ‌ুমায়ুন কারাগার থেকে বের হয়েছেন। তবে অন্য তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা থাকায় ওই আইনে তাঁরা এখনো কারাগারে আছেন। এই তিনজন হলেন রংপুর মহানগর যুবদলের সদস্য রাজীব হাসান সুমন ওরফে মেরিল সুমন, শহরের নিউ জুম্মাপাড়ার নওশাদ হোসেন ওরফে রুবেল ওরফে ব্ল্যাক রুবেল ও শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল।