এক বছরেও চালু হয়নি এক্স-রে যন্ত্রটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক্স-রে যন্ত্র থাকলেও এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৫১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য গত বছরের ১৩ জুন একটি নতুন এক্স-রে যন্ত্র (৩০০ এমএম) সরবরাহ করা হয়। কিন্তু যন্ত্রটি এখনো চালু করা হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায় বলেন, আনুষঙ্গিক যন্ত্রপাতির অভাব ও টেকনোলজিস্ট না থাকায় এক্স-রে যন্ত্রটি চালু করা যাচ্ছে না।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০১৩ সালের ১৮ নভেম্বর থেকে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) পদটি শূন্য। গত বছরের ৩ মার্চ থেকে ৪০ কিলোমিটার দূরের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট গাজী নাছির উদ্দিনকে সপ্তাহে দুদিন পটিয়াতে কাজ করার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এক্স-রে যন্ত্র চালু না থাকায় তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন না।
জানা গেছে, ২০১৩ সালের জুনে পুরোনো এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে যায়। এরপর নতুন যন্ত্রটি দেওয়া হয়। এক্স-রে যন্ত্রটি চালু না হওয়ায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
শ্বাসকষ্টের রোগী আবু মুছা (৬৪) বলেন, ‘হাসপাতাল থেকে থেকে হেঁটে বাইরে যাওয়ার শক্তি নেই আমার। কিন্তু হাসপাতালে এক্স-রে না হওয়ায় আমাকে বাইরের রোগনির্ণয় কেন্দ্রে যেতে হচ্ছে। এখানে এক্স-রে করাতে পারলে সেই কষ্ট হতো না।’
স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি চালু না হওয়ায় রোগীরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে একটি বুকের এক্স-রে করতে লাগে ৭০ টাকা। কিন্তু বাইরের রোগনির্ণয় কেন্দ্রে সেটি করতে লাগে ৩০০ টাকা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায় বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হয়েছে।