এক বছরেও চালু হয়নি গুরুত্বপূর্ণ আট কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা হিসেবে কার্যক্রম শুরুর এক বছর পার হলেও বেশির ভাগ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেনি সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ আটটি কার্যালয় চালু হয়নি। এমনকি উপজেলা প্রশাসনের স্থায়ী কোনো ভবনও নেই। এসব নিয়ে উপজেলাবাসীর ক্ষোভের শেষ নেই।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ২০১৪ সালের ৮ জুন ওসমানীনগর থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়। পরের বছরের ১৩ জুলাই থেকে উপজেলার কার্যক্রম শুরু হয়। বালাগঞ্জ উপজেলার অধীনে থাকা উমরপুর, সাদীপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন নিয়ে ওসমানীনগর উপজেলা গঠিত হয়। ২২৪ দশমিক ৫২ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলায় জনসংখ্যা ২ লাখ ৩০ হাজার ৪৬৭।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় বলছে, উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পরপরই এখানে ২৪টি প্রশাসনিক কার্যালয় স্থাপিত হওয়ার কথা। তবে এখন পর্যন্ত চালু হয়েছে মাত্র ১৬টি। অতি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কৃষি, সমাজসেবা, যুব উন্নয়ন, মাধ্যমিক শিক্ষা, পরিসংখ্যান, পল্লি উন্নয়ন ও হিসাবরক্ষণ কার্যালয় চালু হয়নি। আবার চালু হওয়া ১৬টি কার্যালয়ে রয়েছে তীব্র জনবল-সংকট।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ওই ২৪টি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীর ২৩৮টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৩৩ জন। অবশ্য অন্য উপজেলায় কর্মরত আরও আটজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসমানীনগরে দায়িত্ব পালন করছেন। তবে তাঁরা নিয়মিত অফিস করেন না। এতে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে গিয়ে সঠিক সেবা পাচ্ছে না উপজেলাবাসী।
উপজেলার বিভিন্ন এলাকার ১৯ জন বাসিন্দা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, এক বছর হলেও উপজেলায় হাসপাতাল না হওয়ায় জেলা শহরে গিয়ে তাঁদের চিকিৎসা নিতে হচ্ছে। আর সামান্য কাজের জন্যও উপজেলা প্রশাসনে কয়েক দিন গিয়ে ধরনা দিতে হচ্ছে।
সাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মানিক মিয়া বলেন, উপজেলায় সমাজসেবা কার্যালয় চালু না হওয়ায় মুক্তিযোদ্ধা, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা এখনো অন্য উপজেলায় গিয়ে আনতে হচ্ছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল বলেন, এ কার্যালয়ে এখন তিনিই একমাত্র কর্মকর্তা। অফিস সহকারী কিংবা কর্মচারী না থাকায় পুরো কার্যক্রম তাঁকেই সামলাতে হয়। অথচ উপজেলায় ১১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাদিক মিয়া ওসমানীনগরে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ওসমানীনগরে সমবায় কার্যালয় চালু হলেও মন্ত্রণালয় থেকে পদ সৃষ্টি না করায় এখনো ওসমানীনগরের কার্যক্রম বালাগঞ্জ থেকেই পরিচালিত হচ্ছে।
ইউএনও মোহাম্মদ শওকত আলী প্রথম আলোকে বলেন, প্রথমে তাঁরা সব কটি কার্যালয় চালু করার বিষয়ে মনোযোগ দিচ্ছেন। আর অনেক কার্যালয় চালু হলেও মন্ত্রণালয় পদ সৃষ্টি না করায় লোকবলের তীব্র সংকট রয়েছে। ফলে উপজেলা প্রশাসনের কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলার প্রশাসনিক ভবন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পৃথক দুটি স্থানে জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে প্রকল্প পরিকল্পনা পাঠানো হয়েছে।