এক বছরেও চালু হয়নি যানজট নিরসনের পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যানজট নিরসনে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকৌশলী কামরুল হাসানের উপস্থাপিত একটি পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালুর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) নির্দেশ দেওয়া হয়। কিন্তু বছর পেরোলেও সেই নির্দেশ বাস্তবায়িত হয়নি। তবে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ১২টি ইউলুপ নির্মাণের যে প্রকল্প নেওয়া হয়েছে, তা কামরুল হাসানের পদ্ধতিরই উন্নত সংস্করণ।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ঢাকা শহরের যানজট নিরসনে করণীয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, ডিএনসিসি বিমানবন্দর-উত্তরা সড়কে প্রকৌশলী কামরুল হাসানের পদ্ধতিটি ওই মাসের ১২ তারিখের মধ্যে এক-দুটি কর্মদিবসের জন্য পরীক্ষামূলকভাবে চালু করে কার্যকারিতা যাচাই করবে। সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা পরীক্ষার সময় উপস্থিত থাকবেন এবং কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।
ওই নির্দেশের পর সিটি করপোরেশন কামরুল হাসানের কাছ থেকে পদ্ধতিটি বাস্তবায়নের প্রাথমিক নকশা সংগ্রহ করে। কামরুল হাসানের পদ্ধতিটি বিনা সিগন্যালে গাড়ি চলাচলের পদ্ধতি। সভার সিদ্ধান্ত ছিল, পরীক্ষা সফল হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় পদ্ধতিটি প্রয়োগ করা হবে।
কামরুল হাসান বলেন, এই পদ্ধতি বাস্তবায়ন করতে একাধিক রাস্তার সংযোগস্থল বা ইন্টারসেকশনে কিছুটা পরিবর্তন আনতে হবে। সেই সঙ্গে ক্রসিংয়ের কাছাকাছি সড়কের ভেতরে বিশেষ ধরনের ইউটার্ন স্থাপন করতে হবে। এটি বাস্তবায়িত হলে সড়কে আর সিগন্যাল পড়বে না। বিদ্যমান ব্যবস্থার মধ্যেই পদ্ধতিটি বাস্তবায়ন সম্ভব। এর জন্য নতুন কোনো অবকাঠামো তৈরির প্রয়োজন নেই।
গত বছরের ১২ সেপ্টেম্বর নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও উত্তর সিটি করপোরেশন পরীক্ষামূলকভাবে পদ্ধতিটি চালু করেনি। গত বছরের ২৮ নভেম্বর ডিএনসিসি ইউলুপ (গাড়ি পারাপারের ইউ আকৃতির সেতু) নির্মাণবিষয়ক একটি সভা করে। ওই সভায় জানানো হয়, গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক ট্রাফিক সিগন্যালমুক্ত করতে ২২টি ইউলুপ নির্মাণ করা হবে। যদিও প্রকৌশলী কামরুলের নকশায় ইউলুপ নির্মাণের বিষয়টি ছিল না।
ডিএনসিসির সীমানা আবদুল্লাহপুরে শেষ এবং আবদুল্লাহপুর থেকে গাজীপুর সিটি করপোরেশনের সীমানা শুরু। ২২টি ইউলুপের ১২টি ডিএনসিসি এলাকায় এবং ১০টি গাজীপুর সিটি করপোরেশন এলাকায় পড়েছে। এই ১২টি ইউলুপ নির্মাণের জন্য প্রায় ৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দেয় ডিএনসিসি।
ডিএনসিসি জানায়, ইউলুপগুলো নির্মাণ করতে ৩৭ দশমিক ০৯ বিঘা জমির প্রয়োজন হবে। এসব জমির অধিকাংশই সরকারি বিভিন্ন সংস্থার। এর মধ্যে সড়ক ও জনপথের, রেলওয়ের ও সিভিল অ্যাভিয়েশনের জমি রয়েছে। সেসব সংস্থার কাছ থেকে জমি ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি।
কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় যে পদ্ধতিটি চালু করতে বলেছিল, সেটি বাস্তবায়নে নতুন কোনো অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা নেই। এই পদ্ধতি বাস্তবায়নে অর্থ লাগবে খুব কম। এই অর্থ সিটি করপোরেশনই বহন করতে পারে। এ বিষয়ে ডিএনসিসির সংশ্লিষ্ট একজন প্রকৌশলী নাম না প্রকাশের শর্তে বলেন, সিটি করপোরেশন তাঁর পদ্ধতি বাস্তবায়ন করছে না, বিষয়টি এমন নয়। কামরুল হাসানের পদ্ধতিটি ছিল প্রাথমিক ধারণা। বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করে সেটি অনেক উন্নত করা হয়। তারপরই সিটি করপোরেশন ইউলুপ নির্মাণের পরিকল্পনা নেয়।