মাদ্রাসার শিক্ষকের নির্যাতনে গুরুতর আহত ছেলেকে এক বছর আগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান মেছের আলী। ১৬ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু এক বছর ধরে চিকিৎসাসনদ দেওয়া হয়নি। এ জন্য পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেও তিনি কোনো ফল পাননি।মেছের আলীর বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। তাঁর ছেলের নাম মাহমুদ হাসান (১৫)। আহত হওয়ার পর প্রথমে তিনি তাঁর ছেলেকে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান।মেছের আলী জানান, তিনি তাঁর ছেলে মাহমুদ হাসানকে ২০০৪ সালে নওগাঁ জেলার সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসায় ভর্তি করান। তখন থেকে সে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করতে থাকে। ২০১০ সালের নভেম্বর মাসের দিকে মাদ্রাসার শিক্ষক শরিফুল ইসলাম মাহমুদ হাসানকে কিছু জেহাদি বই মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিলি করার জন্য দেন। কিন্তু মাহমুদ সেই কাজে রাজি না হলে ওই শিক্ষক ক্ষুব্ধ হন। তিনি সুযোগের অপেক্ষায় থাকেন।মেছের আলী অভিযোগ করেন, ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি মোবাইল ফোনসেট রাখার অভিযোগে শিক্ষক শরিফুল ইসলাম মাহমুদকে ব্যাপক মারধর করেন এবং তাঁরই নির্দেশে আরেক শিক্ষক মো. রানা মাদ্রাসার একটি কক্ষে মাহমুদকে তিন দিন আটকে রাখেন। খবর পেয়ে ২৮ ফেব্রুয়ারি মাহমুদকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।তিনি বলেন, এই ফোনসেটটি মেরামত করার জন্য তিনি তাঁর ছেলের কাছে রেখে এসেছিলেন। তিনি আরও বলেন, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ দিন চিকিৎসার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রামেক হাসপাতালের সার্জারি বিভাগের ২ নম্বর ওয়ার্ডে তাঁর ছেলে ৬ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চিকিৎসাধীন ছিল। হাসপাতাল থেকে অজ্ঞাত কারণে দুই ধরনের ছাড়পত্র দেওয়া হয়। এর একটিতে লেখা হয়েছে আঘাতজনিত রোগের কথা এবং অপরটিতে লেখা হয়েছে আলসার রোগের কথা। হাসপাতালে ভর্তির ফরমে উল্লেখ করা হয়েছে, রোগী শারীরিকভাবে আহত। এ ছাড়া তাতে ‘পুলিশ কেস’ কথাটি স্পষ্ট উল্লেখ আছে।মেছের আলী গত বছরের ১৬ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে জখমি সনদের জন্য আবেদন করেন। তার পরও তাঁকে সনদ দেওয়া হয়নি। তিনি সর্বশেষ ২২ মার্চ হাসপাতালে এসেছিলেন। হাসপাতাল থেকে বলা হয়েছে, তাঁর ছেলে আলসার রোগে আক্রান্ত ছিল। তাঁকে জখমের সনদ দেওয়া যাবে না। এদিকে ঘটনার পরপরই তিনি ওই দুই শিক্ষককে আসামি করে আদালতে একটি মামলা করেন। আদালত থেকে চিকিৎসাসনদ চাওয়া হচ্ছে। তিনি আর সনদপত্র জোগাড় করতে পারছেন না। মেছের আলী বলেন, তাঁর ছেলে এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। এ জন্য এখন পর্যন্ত মাদ্রাসায় ফিরে যেতে পারেনি। এ ব্যাপারে কথা বলার জন্য গত বুধবার (২৮ মার্চ ) দুপুরে হাসপাতালের পরিচালক মঈন উদ্দীনের সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। সরাসরি টেলিফোনে রিং করা হলে ফোনের অপর প্রান্ত থেকে একজন এমএলএসএস পরিচয় দিয়ে বলেন, ‘স্যারের পিএ এখন নেই। তিনি না এলে তিনি লাইন দিতে পারবেন না।’