এক বছরেও চিহ্নিত হয়নি ‘ছাত্রলীগের বহিরাগতরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে পোড়া সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসের পুনর্নির্মাণকাজ শুরু হলেও অগ্নিসংযোগকারী ‘ছাত্রলীগের বহিরাগত’দের এক বছরেও চিহ্নিত করা যায়নি। গত বছর ৮ জুলাই কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি অগ্নিসংযোগের জন্য ‘ছাত্রলীগের বহিরাগতরা’ দায়ী বলে তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনের আলোকে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তদন্ত শুরু করে। কিন্তু ঘটনার প্রায় এক বছরেও চিহ্নিত হয়নি ‘ছাত্রলীগের বহিরাগতরা’। ওই ঘটনায় ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক বশির আহমদ বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে মামলা করেন। একই ঘটনায় শওকত হোসেন নামে ছাত্রলীগের এক কর্মী এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম মনোয়ার হোসেন, সাবেক সভাপতি ইয়াসিন খানসহ ২৩ জনকে আসামি করে মামলা করেন। শিবির সমর্থক ছাত্রাবাসের বাসিন্দা দুই শিক্ষার্থী অগ্নিসংযোগের জন্য ছাত্রলীগের তৎকালীন জেলা সভাপতি পংকজ পুরকায়স্থসহ ৩৪ জনকে আসামি করে আদালতে পাল্টা মামলা করেন। কলেজ সূত্র জানায়, কলেজের উপাধ্যক্ষ আল-হেলাল ভূঁইয়াকে প্রধান করে গঠিত কমিটি গত বছরের ২৯ আগস্ট তদন্ত প্রতিবেদন তৈরি করে এমসি কলেজের একাডেমিক কাউন্সিল বরাবর দাখিল করে। ৩০ আগস্ট তদন্ত দলের প্রধান আল-হেলাল ভূঁইয়া সংবাদ সম্মেলন করে অগ্নিসংযোগের জন্য ‘ছাত্রলীগের বহিরাগতরা’ দায়ী বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ২০০ পৃষ্ঠার প্রতিবেদনে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক, ক্ষতিগ্রস্ত ২৩ জন শিক্ষার্থীসহ ৩৯ জনের সাক্ষ্য দেওয়া হয়। পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ সন্নিবেশ করা হয়। ফুটেজে অগ্নিকাণ্ডের পর বহিরাগতদের উল্লাস প্রকাশ করে মিছিলের একাধিক চিত্রও রয়েছে। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্র জানায়, ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক বাদী হয়ে করা মামলা ও ছাত্রলীগের এক কর্মীর দুটি মামলা এবং কলেজ কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন নিয়ে অধিকতর তদন্ত করছে সিআইডির একটি দল। যোগাযোগ করলে সিআইডির সিলেট অঞ্চলের পরিদর্শক এনামুল হক বলেন, ‘ছাত্রলীগের বহিরাগত কারা—এ বিষয়ে আমাদের তদন্ত নয়, আমরা ঘটনার আগে ও পরের বিষয়গুলো খতিয়ে দেখে তদন্ত করছি। এ কারণে সময় লাগছে।’