এক বছরেও জনবল কাঠামো ঠিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের এক বছর পূর্ণ হচ্ছে আজ ৫ মে। বিলুপ্ত নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভার সীমিত জনবল নিয়ে চলছে সিটি করপোরেশনের কাজ। ফলে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর কাজের চাপ পড়ছে বেশি। সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর পর প্রধান নির্বাহী কর্মকর্তার পদ। সিটি করপোরেশন গঠনের পরপরই উপসচিব এ বি এম আমিন উল্লাহ নূরীকে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। আমিন উল্লাহ গত ১৪ এপ্রিল থেকে সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাজ্যে রয়েছেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন। প্রধান নির্বাহী কর্মকর্তার পরই সচিবের পদ। ওই পদটি দুই মাস ধরে শূন্য।সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভার ৭২ দশমিক ৪৩ বর্গকিলোমিটার এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হয়। ২০০১ সালের হিসাব অনুযায়ী, সিটি করপোরেশন গঠিত এলাকার ২৭টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ১৪ লাখ। ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ভোটার সংখ্যা ছিল চার লাখ তিন হাজার ৭০৬ জন। সারা দেশে আলোচিত এই নির্বাচনে বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে এক লাখ এক হাজার ৩৪৩ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত বছরের ১ ডিসেম্বর সিটি করপোরেশনের দায়িত্ব নেন আইভী। সিটি করপোরেশন গঠনের পর সরকার মনোনীত প্রশাসক ও নির্বাচিত মেয়র এক বছরেও প্রতিষ্ঠানের জনবলকাঠামো (অর্গানোগ্রাম) ও বাজেট ঠিক করতে পারেননি। এ ব্যাপারে কথা হয় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সঙ্গে। তিনি বলেন, অর্গানোগ্রাম ঠিক না হওয়ায় বিলুপ্ত তিন পৌরসভার জনবল দিয়েই এক বছর ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন চলছে। জনবল প্রয়োজন এক হাজার ৫৫৩ জন। আছে মাত্র ১৭৩ জন। এর মধ্যে প্রথম শ্রেণীর কর্মকর্তা মাত্র ১১ জন।যোগাযোগ করলে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘অর্গানোগ্রাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, তা শিগগিরই অনুমোদন করা হবে।’ মেয়র বলেন, ‘সীমিত সম্পদ ও জনবল দিয়েই নাগরিকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। কর্মকর্তা-কর্মচারীরা নাগরিকদের সেবা দিতে ছুটির দিনেও কাজ করছেন। তবে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের পদে বর্তমানে কেউ না থাকায় সিটি করপোরেশনের দৈনন্দিন কাজকর্মে কিছুটা হলেও ব্যাঘাত হচ্ছে।’