ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুরে ২০ শয্যার একটি নতুন হাসপাতাল নির্মাণ ও হস্তান্তর করার এক বছর পরও জনবল নিয়োগ দেওয়া হয়নি। জনবলকাঠামো চূড়ান্ত না হওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ নিজস্ব উদ্যোগে শুধু বহির্বিভাগ চালু করেছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সোনাগাজীতে স্বাস্থ্য বিভাগের জমিতে ২০ শয্যার হাসপাতালটি নির্মাণ করা হয়। হাসপাতাল ভবন ও অন্যান্য আবাসিক ভবন নির্মাণে ব্যয় হয় পাঁচ কোটি ৫৯ লাখ আট হাজার টাকা। ২০১১ সালে দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়। ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফেনীর সিভিল সার্জন ও সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে ঠিকাদার কর্তৃপক্ষ ভবন হস্তান্তর করে।
সরেজমিনে দেখা যায়, দোতলা হাসপাতাল ভবনের নিচতলায় চিকিৎসা কর্মকর্তাদের রোগী দেখার আলাদা কক্ষ, পরীক্ষাগার, এক্স-রে কক্ষ, টিকাদানকেন্দ্র, অভ্যর্থনা কক্ষ ও রান্নাঘর রয়েছে। দোতলায় সেবিকা ও চিকিৎসক কক্ষ, পুরুষ ও মহিলা ওয়ার্ড, বিশ্রামাগার, প্রিপারেটরি কক্ষ, প্রসূতি কক্ষ এবং শীতাতপনিয়ন্ত্রিত অপারেশন থিয়েটর (ওটি) রয়েছে।
হাসপাতাল ভবনের পাশে আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ দুজন চিকিৎসকের বাসভবন রয়েছে। এ ছাড়া চিকিৎসক ও সেবিকাদের জন্য ডরমিটরি ভবন, তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য একটি দোতলা ভবন, পাওয়ার হাউস এবং দোতলা গ্যারেজও নির্মাণ করা হয়েছে। সবগুলো ভবনই সুন্দর ও পরিপাটি।
চলতি ২০১৪ সালের ২২ জানুয়ারি স্থানীয় স্বাস্থ্য বিভাগ প্রশাসনিকভাবে হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসা শুরুর অনুমোদন দেয়। তবে জনবলকাঠামো অনুমোদন না হওয়ায় হাসপাতালটি চালু হয়নি।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছরওয়ার জাহান জানান, স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালটিতে বর্তমানে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন কমিউনিটি মেডিকেল অফিসার (চাকমো) ও একজন নৈশপ্রহরীকে প্রেষণে পাঠানো হয়েছে। তাঁরা যোগ দেওয়ায় বহির্বিভাগ চালু হয়েছে।
হাসপাতালে কর্মরত চিকিৎসা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গড়ে ৮০ জন রোগী চিকিৎসা নিতে আসেন।
জটিল রোগী এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছারোয়ার জাহান জানান, জনবল নিয়োগর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। তার আগে স্থানীয় মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে বহির্বিভাগ চালু করা হয়েছে।