এক বছরেও জমি নিবন্ধন করতে পারেনি পিডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিয়ানা-১ ও ২ বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি ইজারাসংক্রান্ত চুক্তি হয়েছে গত বছরের ১২ মে। তারপর এক বছর এক মাস কেটে গেছে। এখন পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ওই দুটি কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জমি নিজেদের নামে নিবন্ধন করতে পারেনি।ফলে বিদ্যুৎকেন্দ্র দুটির নির্মাতা প্রতিষ্ঠান—সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানিকে পিডিবি জমি বুঝিয়ে দিতে পারছে না। এ কারণে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময়সূচি স্বয়ংক্রিয়ভাবে পিছিয়ে যাচ্ছে। কারণ, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময়সূচি শুরু হবে জমি হস্তান্তরের পর থেকে।জমি হস্তান্তর বিলম্বিত হওয়া ছাড়াও আরও কিছু কারণে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মধ্য ও দীর্ঘমেয়াদি সরকারি পরিকল্পনা ব্যাহত হচ্ছে। ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীলতার কারণে বিদ্যুতের বর্ধিত দাম কমিয়ে আনার পরিকল্পনাও বিলম্বিত হচ্ছে। কেননা, গ্যাসচালিত এসব কেন্দ্রের বিদ্যুতের দাম পড়বে প্রতি ইউনিট আড়াই টাকা। এ ছাড়া কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর কাজও পিছিয়ে গেছে। রামপালের কেন্দ্রটির চালু হওয়ার সময়সীমা ইতিমধ্যে দুই বছর পিছিয়ে ২০১৬ সাল করা হয়েছে।সরকারি সূত্রগুলো জানায়, বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্র দুটি নির্মাণের জন্য হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন তাজাবাদ, বাটা ও মজলিসপুর মৌজায় সরকার মোট ৪১ দশমিক ২৪৩৫ একর জমি অধিগ্রহণ করে। ওই জমিতে প্রতিটি ৩৪১ মেগাওয়াটের দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সামিট বিবিয়ানা-১ ও সামিট বিবিয়ানা-২ পাওয়ার কোম্পানির সঙ্গে পিডিবি জমি ইজারার চুক্তি সই করে। ওই ভূমি অধিগ্রহণের গেজেট প্রকাশিত হয় গত ১৯ এপ্রিল। গত ১ জুলাই ওই জমির মালিক হিসেবে পিডিবির নামে নামজারি (মিউটেশন) হওয়ার পর পিডিবি ভূমি উন্নয়ন কর পরিশোধ করে। এখন পিডিবির নামে ওই জমি নিবন্ধিত হবে এবং তারপর পিডিবি সামিটের নামে ওই জমি পুনঃ নিবন্ধন করে দেবে। কিন্তু নিজেদের নামে জমি নিবন্ধন করাতে স্টাম্প ফি, নিবন্ধন ফি ও স্থানীয় সরকার ফি হিসেবে পিডিবিকে অনেক টাকা পরিশোধ করতে হবে। পিডিবি গত ৪ জুলাই পিডিবি বিদ্যুৎ সচিবের কাছে একটি আবেদন করেছে ওই ফি মওকুফ করার জন্য। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র জানায়, ওই সব ফি মওকুফ করতে হলে অর্থ, আইন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারির প্রয়োজন হবে। এ জন্যও আবার সময় লাগবে।পিডিবির নামে নিবন্ধন হওয়ার পর সামিটের নামে হস্তান্তর করতে আরও কিছু সময় লাগবে। এভাবে বিদ্যুৎকেন্দ্র দুটি নির্মাণের কাজ কেবলই পেছাচ্ছে। কবে কেন্দ্র দুটি বাস্তবায়নের কাজ শুরু হবে, তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, অনেকের মধ্যেই একটি ধারণা সৃষ্টি হয়েছে যে আর্থিক কারণে বিবিয়ানা-১ ও ২ বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হচ্ছে না। এ ধারণাটি ঠিক নয়। অর্থের সংকট আছে ঠিকই। কিন্তু সেটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু না হওয়ার কারণ নয়। জমি বুঝে পেলেই আমরা ওই দুটি কেন্দ্রের কাজ শুরু করব।আজিজ খান বলেন, ‘কেন্দ্র দুটির জন্য অর্থসংস্থানে সমস্যা হচ্ছে বলে আমরা সরকারের কাছে এখন পর্যন্ত কোনো আনুকূল্য (ফেভার) চাইনি। অর্থসংকটের জন্য আমরা মেঘনাঘাট কেন্দ্রের কাজ বিলম্বিত করিনি। জমি বুঝিয়ে দেওয়ার পরও সেখানে কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই ওই কেন্দ্রটির কাজ শেষ হবে। একইভাবে বিবিয়ানার কেন্দ্র দুটির কাজও আমরা শেষ করার চেষ্টা করব।’