এক বছরেও জমে ওঠেনি চট্টগ্রাম কম্পিউটার সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রযুক্তিপণ্য বিপণিকেন্দ্র চিটাগাং কম্পিউটার সিটির বয়স প্রায় এক বছর পেরিয়ে গেছে। অথচ এখনো এটি জমে ওঠেনি। বিপণিকেন্দ্রটির বিদ্যুৎ ও পার্কিং সমস্যার সমাধান হয়নি দীর্ঘদিনেও। ফলে এটি প্রযুক্তিপণ্য বিক্রেতা ও ক্রেতা উভয়ের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি। পাশাপাশি প্রচারণার অভাবে পরিচিতি পায়নি সবার কাছে।কম্পিউটার সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা আগামী সপ্তাহের মধ্যেই বিদ্যুতের সংযোগ পেয়ে যাচ্ছি। গাড়ি পার্কিং সমস্যা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে।’এ ছাড়া কম্পিউটার সিটিকে সবার কাছে পরিচিত করে তুলতে ৮ অক্টোবর থেকে ১০ দিনের গিফট ফেস্টিভ্যাল, আগামী নভেম্বর মাসে বিনা মূল্যে প্রযুক্তিপণ্য মেরামত কার্যক্রম এবং ডিসেম্বর মাসে একটি বড় ধরনের প্রযুক্তি মেলা আয়োজনের প্রস্তুতির কথাও জানান সাখাওয়াত হোসেন।গত বছরের ১ ডিসেম্বর নগরের চৌমুহনী মোড়ে আর এফ জোহরা টাওয়ারে আনুষ্ঠানিকভাবে চালু হয় চিটাগাং কম্পিউটার সিটি। এর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় ৫৪টি প্রযুক্তিসামগ্রীর দোকান রয়েছে। এখানকার সব ব্যবসায়ী বাংলাদেশে কম্পিউটার সমিতির (বিসিএস) সদস্য।রাজধানী ঢাকার পর চট্টগ্রামে প্রযুক্তিপণ্য বিপণনের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয় চিটাগাং কম্পিউটার সিটি। যেখানে একই ছাদের তলায় সব কটি উল্লেখযোগ্য প্রযুক্তিসামগ্রী বিপণন প্রতিষ্ঠানকে একসঙ্গে পাওয়া যাবে এবং প্রতিটি পণ্যের গুণগত মান ও দামের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি।কম্পিউটার সিটির প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান জননী কম্পিউটার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমাদের ব্যবসা জমে না ওঠার প্রধান কারণই হলো পার্কিং ও বিদ্যুৎ সমস্যা। এ দুটি সমস্যার সমাধান হলে কম্পিউটার সিটির চেহারাই পাল্টে যাবে বলে আমার ধারণা।’ কম্পিউটার সিটির ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, বিপণিকেন্দ্রের নিচতলা গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত থাকলেও জায়গার মালিক সেখানে বিভিন্ন দোকান তুলে ভাড়া দিয়েছেন। কম্পিউটার সিটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে অভিযোগ জানানো হয়েছে। কারণ সিডিএর নকশায়ও নিচতলাকে পার্কিংয়ের জায়গা হিসেবে দেখানো হয়েছে।অপরদিকে, বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (পিডিবি) বলেছে, কম্পিউটার সিটির আওতাধীন তিনটি ফ্লোরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য আলাদা উপকেন্দ্রের (সাবস্টেশন) অনুমোদন লাগবে। ব্যবসায়ী সমিতি তখন আরএফ টাওয়ারের মাধ্যমে এ সংক্রান্ত সব আর্থিক লেনদেন মিটিয়ে দিলেও এখনো কোনো সংযোগ পায়নি। ফলে ভবন তৈরির সময়ে নেওয়া পুরোনো মিটারে তাঁরা আপাতত কাজ চালাচ্ছেন। নিয়মিত বিদ্যুতের সংযোগ না থাকায় ব্যবসায়ীরা দোকানে কোনো শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করতে পারছেন না।