এক বছরেও তদন্তে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ট্রেন পোড়ানো ও কাটা পড়ে ছয়জন নিহত হওয়ার ঘটনার পর প্রায় এক বছর পেরিয়ে গেছে। এ ঘটনায় আটটি মামলা হলেও এখন পর্যন্ত কোনো মামলার তদন্ত শেষ হয়নি। মামলার তদন্ত কর্মকর্তারা বলেছেন, ওপর থেকে নির্দেশনা না আসায় মামলাগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া যাচ্ছে না। তবে থানা পুলিশের একটি সূত্র বলেছে, তদন্ত চলছে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।গত বছরের ১১ অক্টোবর বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মূলিবাড়ী রেলগেটসংলগ্ন মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাবেশে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হন। এ ঘটনায় উপস্থিত বিক্ষুব্ধ কর্মী ও সমর্থকেরা ট্রেনটি পুড়িয়ে দেয়।সিরাজগঞ্জ জিআরপি থানা, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, ট্রেন পোড়ানোর ঘটনার বিভিন্ন অভিযোগে র‌্যাব, পুলিশ, রেল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনসহ মোট আটটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে স্থানীয় আইনজীবী গোলাম হায়দারের দায়ের করা মামলায় খালেদা জিয়ার উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে: খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে আসামি করা হয়। বাকি মামলাগুলোতে ৩৮ জনের নামসহ অজ্ঞাত ১০ থেকে ১২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। মামলাগুলোর মধ্যে ট্রেন পোড়ানোর মূল মামলাসহ তিনটি মামলা সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বাকি পাঁচটি মামলা বঙ্গবন্ধু পশ্চিম থানার পরিদর্শকের (তদন্ত) তদন্তাধীন রয়েছে। এই আটটি মামলায় ৭৭ জনকে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। বর্তমানে সব আসামিই জামিনে আছেন। তবে ছয়জন নিহত হওয়ার ঘটনায় আজ পর্যন্ত কোনো মামলা হয়নি।ট্রেন পোড়ানোর ঘটনায় রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। উভয় কমিটি তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়েছে।