এক বছরেও প্রধান আসামি খুঁজে পায়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকা আরিফা খাতুনকে (২৮) হত্যার ঘটনার এক বছর পর মামলার অভিযোগপত্র দিলেও হত্যাকারীকে খুঁজে পায়নি পুলিশ।নিহতের স্বামীর অভিযোগ, পুলিশের আন্তরিকতার অভাবেই হত্যাকারী গ্রেপ্তার হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান জাহীদ সরকার জানান, ২২ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে নিহতের মামাতো ভাই নাজমুল হোসেনকে (৩২) প্রধান আসামি ও ভ্যানচালক রবিউল ইসলামকে সহযোগী আসামি করা হয়েছে।তিনি আরও জানান, আরিফা ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকে প্রধান আসামি নাজমুল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। দীর্ঘদিন সম্পর্ক থাকার পর নাজমুলকে বিয়ে না করায় তিনি প্রতিহিংসাপরায়ণ হয়ে আরিফাকে হত্যা করেন। আর এ কাজে তাঁকে সহযোগিতা করে স্কুলের পার্শ্ববর্তী এলাকার ভ্যানচালক রবিউল ইসলাম। বিষয়গুলো অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।এসআই হাসান জাহীদ বলেন, ‘ঘটনার পর থেকে আসামিকে ধরতে বহুবার অভিযান চালানো হয়েছে। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তিনি বিভিন্ন সময় নিহতের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিলেও কোথায় আছেন তা কেউ জানাতে পারেননি। তাঁকে ধরতে আমাদের তৎপরতা অব্যাহত আছে।’ নিহতের স্বামী আলমগীর হোসেন বলেন, এক বছরে পুলিশ চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব ছিল। আমি মনে করি, পুলিশের আন্তরিকতার অভাবেই আসামি গ্রেপ্তার হয়নি।ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনার পর মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় স্কুলটি পরিদর্শন করে অবিলম্বে হত্যাকারীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এক বছরেও কেন হত্যাকারী গ্রেপ্তার হলো না তা আমাদের বোধগম্য নয়।’ সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘সবাই বলে শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। কিন্তু সেই শিক্ষক শ্রেণীকক্ষে খুন হবার পর বিচার না হওয়াটা দুঃখজনক ও লাজ্জাকর।’২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি দুপুরে শ্রেণীকক্ষে শিক্ষিকা আরিফা খাতুনকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ওই দিন রাতে ঘটনায় জড়িত সন্দেহে ভ্যানচালক রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের ভাই আনিসুর রহমান বাদী হয়ে ভ্যানচালক রবিউল ইসলাম ও অজ্ঞাত এক ব্যক্তিকে আসামি করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা করেন। এই হত্যাকাণ্ডের পর পাবনার শিক্ষক সমাজ প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে।