এক বছরেও ভর্তুকির টাকা মেলেনি
জয়পুরহাটের কালাই উপজেলার ৫৪টি খুচরা সার ডিলার সরকারঘোষিত ভর্তুকির সাড়ে ১০ লক্ষাধিক টাকা এক বছরেও পাননি। গত বছরের রবি মৌসুমে সরকারি এক ঘোষণায় এমওপি ও ডিএপি সারের দাম কমানোর পর ডিলারদের গুদামে মজুদ থাকা সারের ভর্তুকির টাকা পরিশোধ করা হয়। কিন্তু উপজেলার খুচরা ডিলারদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি।খুচরা ডিলারদের অভিযোগ, ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে ওই সময় উপজেলা কৃষি বিভাগ সারের মজুদ তথ্য সংগ্রহ করে। ক্ষতিপূরণ চেয়ে এক বছর আগে জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়। কিন্তু এতে কোনো কাজ হয়নি। বৃহস্পতিবার দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বিসিআইসি ডিলারদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় খুচরা বিক্রেতারা আন্দোলনে যাওয়ার কথা বলেন। পাশাপাশি খুচরা বিক্রেতাদের জন্য সরাসরি ন্যূনতম আলাদা বরাদ্দের ব্যবস্থা, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ সার ডিলারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, জেলা সার ও বীজ কমিটিতে খুচরা বিক্রেতাদের প্রতিনিধি রাখা, খুচরা বিক্রেতা পর্যায়ে কমিশন বাড়ানোসহ নানা দাবি তুলে ধরা ধরা হয়।নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান জানান, খুচরা বিক্রেতাদের ক্ষতিপূরণের টাকা না পাওয়ার বিষয়টি তাঁর জানা ছিল না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হবে।