এক বছরেও ভর্তুকির সার পাননি সহস্রাধিক কৃষক
রাজশাহীর বাগমারার সহস্রাধিক কৃষক এক বছরেও ভর্তুকির সার পাননি। কৃষি বিভাগ কয়েক দফা সার দেওয়ার জন্য তালিকাভুক্ত কৃষকদের ডাকলেও পরে ফিরিয়ে দিয়েছে। কৃষি বিভাগ বলেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে তারা সার বিতরণ করতে পারছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার গরিব কৃষকদের জন্য ২০১০ সালের আউশ-আমন মৌসুমে ভর্তুকির ইউরিয়া, টিএসপি ও এমওপি মিলে জনপ্রতি এক মণ করে সার বরাদ্দ দেয়। এ জন্য কৃষি বিভাগ কৃষকদের তালিকা তৈরি করে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার কৃষকদের মধ্যে ওই বছরের জুলাই মাসে সার বিতরণ শুরু করে। ৮ জুলাইয়ের আগ পর্যন্ত উপজেলার কাচারীকোয়ালীপাড়া, গোয়ালকান্দি ইউনিয়ন ও ভবানীগঞ্জ পৌরসভা বাদে ১৩ ইউনিয়ন এবং একটি পৌরসভার চাষিদের মধ্যে ভর্তুকির সার বিতরণ করা হয়েছে। ৯ জুলাই তাহেরপুরের ডিলার আবদুস সালামের গুদামে ভর্তুকির সারে ভেজাল মেশানোর সময় উপজেলা কৃষি কার্যালয়ের ঝাড়ুদারসহ তিনজন গ্রেপ্তার হওয়ার পর, বাকি দুটি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের মধ্যে সার বিতরণ বন্ধ করে দেওয়া হয়। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কাচারীকোয়ালীপাড়া ও গোয়ালকান্দি ইউনিয়ন এবং ভবানীগঞ্জ পৌরসভার এক হাজার ২৮১ জন কৃষক ভর্তুকির সার পাননি। সূত্র জানায়, তাঁদের জন্য বরাদ্দ ৪৮ মেট্রিক টন সার উপজেলা পরিষদের গুদামে রাখা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সামস-ই তাবরিজ জানান, গুদামে রাখা ওই সারগুলো ভেজাল হতে পারে বলে বিতরণ বন্ধ করে রাখা হয়েছিল। ওই সারের নমুনা সংগ্রহ করে কয়েক দফা দেশের বিভিন্ন স্থানের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। পরীক্ষাগারের প্রতিবেদন পাওয়ার পর তাঁরা নিশ্চিত হন সারগুলো ভেজাল ছিল না। সারগুলো ভালো এবং তা বিতরণ করা যাবে বলে প্রতিবেদন এলেও এখন পর্যন্ত তাঁরা বিতরণ করতে পারছেন না। সর্বশেষ গত অক্টোবর মাসে সার বিতরণের উদ্যোগ নিলেও উপরের নির্দেশে তা বন্ধ করতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান। কৃষি কর্মকর্তা আরও জানান, এই সার নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন। গুদামের এই সারে কেউ ভেজাল মেশাতে পারে এ আশংকায় নিয়মিত পাহারাও দেওয়া হচ্ছে।এদিকে এক বছর পার হলেও কৃষকদের মধ্যে সার বিতরণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন চাষিরা। কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের মোহনপুর গ্রামের রোস্তম আলী বলেন, এখন সার পেলেও তাঁর উপকার হবে। চন্দ্রপুর গ্রামের আফসার ও কসবার সাত্তার জানান, এক বছর ধরে সার পাওয়ার অপেক্ষায় আছেন। কয়েকবার সার দেওয়ার কথা বলে অফিসে ডেকে পরে তাঁদের ফেরত পাঠানো হয়েছে। বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টার জানান, সারগুলো বিতরণ করার জন্য বলা হলেও অজ্ঞাত কারণে তা করা হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষি কর্মকর্তা জানান, সারগুলো বিতরণ করা না হলে নষ্ট হয়ে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ পেলে সার বিতরণ করা হবে।