রংপুরে স্থানীয় যুগের আলো পত্রিকার সাংবাদিক মসিউর রহমান ওরফে উৎস হত্যার এক বছর পেরিয়ে গেলেও হত্যার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি।
হত্যায় জড়িত দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার সাংবাদিকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সাংবাদিক সমাজের আয়োজনে গতকাল শনিবার রংপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আশরাফ, সাংবাদিক আবু তালেব, জাহিদ হোসেন, ফরহাদুজ্জামান, মখদুম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক হত্যার এক বছর হয়ে গেল। কিন্তু এখনো দোষী ব্যক্তিরা গ্রেপ্তার হয়নি। সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল, ক্যামেরা ও মুঠোফোনও পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়নি।
এদিকে সাংবাদিক মসিউর হত্যার পর রংপুরে সাংবাদিক সমাজের ব্যানারে ইতিমধ্যে একাধিকবার মানববন্ধন সমাবেশ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, এ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়েছে। এখনো তদন্ত চলছে।
গত বছরের ২৩ ডিসেম্বর যুগের আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মসিউর রহমান ওরফে উৎস দাওয়াতে যাওয়ার কথা বলে রাত সাড়ে নয়টার দিকে অফিস থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। পরদিন সকালে রংপুর শহর থেকে সাত কিলোমিটার দূরে ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে শেখপাড়া এলাকায় তাঁর লাশ গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় পাওয়া যায়। নিহত সাংবাদিকের মা রোকসানা বেগম বাদী হয়ে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।