বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবদুল লতিফ হত্যাকাণ্ডের এক বছরেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার চারজন এখন জামিনে মুক্ত। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও মূল আসামিরা আদৌ গ্রেপ্তার হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। গত বছরের ১০ ডিসেম্বর রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুপচাঁচিয়া থানার উত্তর-পূর্ব সীমানাপ্রাচীরের কাছে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন আবদুল লতিফ। তাঁর বাড়ি থেকে হত্যার স্থান ছিল মাত্র ২০ গজ দূরে। পরদিন নিহতের স্ত্রী নাহিদা আক্তার দুপচাঁচিয়া থানায় মামলা করেন। মামলায় কারও নাম উল্লেখ না করে রাজনৈতিক বিরোধ ও পুকুরসংক্রান্ত বিষয়ে বিরোধের কথা উল্লেখ করা হয়। লতিফ হত্যার বিচার দাবি করে সে সময় উপজেলা সদরের ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ করেন। এ ছাড়া নির্দলীয় সংগ্রাম পরিষদ ও পৌরসভার পক্ষ থেকেও হত্যার বিচার দাবি করে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মামলার পরপরই পুলিশ মিজানুর রহমান (৩৪), আতাউর রহমান (৩০), সেলিম হোসেন (৩৫) ও তোফা (৩৮) নামের চার যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, পুকুর নিয়ে বিরোধকে কেন্দ্র করেই লতিফ খুন হয়েছেন। তবে প্রতিপক্ষরা স্থানীয় কোনো শক্তির ওপর ভর করেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। নিহতের স্ত্রী নাহিদা আক্তার অভিযোগ করেন, হত্যাকারীরা যতই শক্তিশালী হোক না কেন, স্থানীয় প্রভাবশালীদের ওপর ভর করেই তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার রাতেই যদি তর্যাপর হতো, তাহলে আসামিরা অবশ্যই ধরা পড়ত। তিনি আরও বলেন, আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের খোঁজখবর নিতেন। এখন মামলা নিয়ে আর কোনো কথাই বলেন নাবগুড়া ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, আসামিদের বিভিন্ন অবস্থান সম্পর্কে তাঁরা তর্যাপর। তবে আসামিরা পালিয়ে আছে। মূল আসামিদের ধরতে পারলেই স্থানীয়দের গ্রেপ্তার করা সহজ হবে। বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আশরাফুল ইসলাম বলেন, মামলাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকিতে রয়েছে। হতাশ হওয়ার কিছু নেই।