এক বছরেও রিয়াজের খোঁজ মেলেনি
গত বছরের ১১ মে রাজধানীর ওয়ারীর বাসা থেকে ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বের হন রিয়াজ উদ্দীন ওরফে হূদয়। এরপর এক বছর পার হয়ে গেল, তাঁর আর কোনো খোঁজ মেলেনি।রিয়াজ নিখোঁজ হওয়ার পরদিন ১২ মে তাঁর মামা মাসুম অপু সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিনে নুহা আহমেদ নামের সদ্য এসএসসি পাস করা এক কিশোরীও নিখোঁজ হয়েছে বলে দাবি করে তার পরিবার। তারাও তেজগাঁও থানায় জিডি করে। নুহা ও রিয়াজের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে উভয়ের পরিবার জানিয়েছে।পুলিশকে দেওয়া জবানবন্দিতে নুহার বড় বোন নোভা আহমেদ বলেন, নুহা নিজেই তাঁকে রিয়াজের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানায়। রিয়াজের পরিবারের সদস্যরা বলেন, ১১ মে রাতেই নুহার বড় বোন লুভা আহমেদ ফোন করে রিয়াজের মা ও তার মামাকে রিয়াজ-নুহার সম্পর্কের বিষয়টি জানান। এরপর রিয়াজের পরিবার নুহার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু নুহার পরিবারের পুরুষ সদস্যরা শুরু থেকেই রিয়াজের মামাসহ পরিবারের সদস্যদের জীবননাশ ও মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি-ধমকি দিতে থাকেন।এ অবস্থায় বিস্তারিত জানিয়ে রিয়াজের মামা তেজগাঁও থানায় জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি। এসআই শাহ আলম সরকার অভিযোগের একটি কপি রেখে দিয়ে বলেন, ‘আপনারা দুই পরিবার মিলে খুঁজতে থাকেন।’ পরে ১৭ মে রিয়াজের মামা মাসুম অপু ছেলে-মেয়ের সম্পর্কের বিষয় এবং মেয়ের পরিবার থেকে তাঁদের হুমকি দেওয়াসহ পুরো বিষয় উল্লেখ করে সূত্রাপুর থানায় আরেকটি জিডি করেন। একই সঙ্গে র্যাব-১০-কে লিখিতভাবে ঘটনাটি জানানো হয়। ওই দিনই নুহার পরিবার রিয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে তেজগাঁও থানায় মামলা করে। পরে রিয়াজের মামা মাসুম অপুর ১৭ মের জিডির সূত্রে নুহার পরিবারের কয়েকজনকে আসামি করে অপহরণের মামলা নেয় থানা।এক বছর ধরে ছেলের খোঁজ না পেয়ে পাগলপ্রায় রিয়াজের মা বিলকিস বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করে যাচ্ছি। কিন্তু পুলিশ আমার ছেলের কোনো খোঁজ দিতে পারছে না। উল্টো নানাভাবে আমাদের হয়রানি করা হচ্ছে।’রিয়াজের পরিবারের করা অপহরণ মামলাটির তদন্ত তদারককারী কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন বলেন, সম্ভাব্য সব রকম উপায়ে রিয়াজকে খোঁজার চেষ্টা হয়েছে। এখনো চেষ্টা চলছে। কিন্তু কোনো সূত্রই মিলছে না।রিয়াজ ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেবল ভর্তি হয়েছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ১১ মে থেকে তিনি আর ক্লাসে যাননি। এর মধ্যে তাঁর বিভাগের তিনটি সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষায় অংশ নেননি বলে প্রাথমিকভাবে তাঁর ছাত্রত্ব বাতিল করা হয়েছে।এই অবস্থায় নুহার পরিবারের করা মামলায় রিয়াজকে পলাতক দেখিয়ে তাঁর দুই মামাসহ চারজনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে ডিবি পুলিশ। এই মামলায় এখন রিয়াজের পরিবারের সদস্যরা জামিনে আছেন।