এক বছরেও শনাক্ত হয়নি খুনিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা গ্রামে জোড়া খুনের এক বছর পরেও পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি। পুলিশ এ মামলা নিয়ে কোনো তৎপরতাও দেখাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাদী।
গত বছরের ২৩ নভেম্বর রাতে আকলিমা খাতুন (৪৫) ও তাঁর ছোট ছেলে জাহিদুল ইসলামকে (২৫) নিজ ঘরে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। মামলার বাদী ও নিহত আকলিমা খাতুনের বড় ছেলে দুলাল উদ্দিন বলেন, ঘটনার পরেই তিনি স্থানীয় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিরা হলেন সান্টু, আবেদ, চঞ্চল ও শুভ।
এ মামলার এক দিন পর সন্দেহভাজন আসামি সান্টুর ছোট ভাই মানসিক প্রতিবন্ধী আবেদকে আটক করে পুলিশ। কিন্তু গত এক বছরে চারজন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন ছাড়া মামলায় কোনো অগ্রগতি নেই। সর্বশেষ ১০ নভেম্বর মামলাটির তদন্ত করার জন্য পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) রাজশাহী জেলাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুলাল উদ্দিন আরও জানান, এ ঘটনার পর পুলিশ, র্যা ব, সিআইডি, পিবিআইসহ একাধিক বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তাঁরা বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে গেলেও পরে আর কোনো তৎপরতা দেখা যায়নি। তিনি তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করে কিছু তথ্য দিয়েছেন। কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা দীর্ঘ এক বছরেও শনাক্ত করা সম্ভব হয়নি। খুনিরা আটক ও চিহ্নিত না হওয়ায় তিনি আতঙ্কে আছেন।
বাগমারা থানার পুলিশ সূত্র জানায়, মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক মাসুদ পারভেজ রাজশাহী ও দিনাজপুর থেকে তিনজন ডোমকে আটক করেন। ওই সময়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিদের রিমান্ড চাইলেও দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে রিমান্ড শুনানি হয়নি। পরে তিনি অন্যত্র বদলি হয়ে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, মামলাটি আলোচিত ও স্পর্শকাতর হওয়ায় তদন্তভার পিবিআইকে দেওয়া হয়েছে। তবে থানা-পুলিশও হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পেলে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই রাজশাহীর পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, কয়েক দিন আগে মামলার দায়িত্ব পেয়ে কাজ শুরু করা হয়েছে।