এক বছরেও শেষ হয়নি তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক হারুন-অর-রশিদ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শেষ হলো না এক বছরেও। মামলার প্রধান আসামিসহ ছয়জন গ্রেপ্তার এবং এঁদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি থেকে খুনের কারণ এবং খুনি চিহ্নিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) তৈরি হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অবশ্য দাবি করছে, তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র প্রস্তুত করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।পুলিশ ও সিআইডি সূত্র জানায়, ২০১০ সালের ২১ মার্চ বিকেলে কলেজ থেকে বাসায় ফেরার পথে নগরের গৌরগোবিন্দ টিলার কাছে চৌহাট্টা এলাকার নিলয় ৫৪/৩ বাসার সামনে খুন হন সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ (৫০)। এ ঘটনায় নিহত হারুনের শ্যালক আল আজিম সরকার সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।আলোচিত এ ঘটনায় প্রথমে কোতোয়ালি থানার একজন উপপরিদর্শককে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরে থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরবর্তীতে সাময়িক বরখাস্ত হওয়া) মোহাম্মদ আলী ও মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ইন্তেজার রহমান মামলার তদন্ত করেন। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা মহিলা কলেজের দুই ছাত্রীসহ রাসেল আহমদ, আলিমুল ইসলাম ও একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপককে আটক করেন। পরে দুই ছাত্রী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে খুনের ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতা ও ঘটনার বর্ণনা দেন। জবানবন্দিতে আবদুল লতিফ ওরফে কাওসার (৩২) নামে এক যুবক শিক্ষক হারুনকে ছুরিকাঘাত করেন বলে জানানো হয়। নিহত শিক্ষকের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবির পরিপ্রেক্ষিতে মামলার তদন্তভার সিআইডিতে হস্তান্তর করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সিআইডির সিলেট অঞ্চলের পরিদর্শক মুহিদুর রহমান মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন। সিআইডি নতুন করে তদন্ত শুরু করলেও মামলার প্রধান আসামি কাওসার ছিলেন ধরাছোঁয়ার বাইরে। গত ২৫ নভেম্বর র্যাব সুনামগঞ্জের চিনাকান্দি থেকে কাওসারকে আটক করে সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করে।সিআইডির একটি সূত্র জানায়, কাওসারকে নিয়ে হত্যাকাণ্ডের ছোরাসহ কিছু আলামতও উদ্ধার করা হয়। একনাগাড়ে তদন্ত শেষে গত ২৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য-স্মারকলিপি প্রস্তুত করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মতামত দিয়েছেন। শিক্ষক হত্যায় সরাসরি অংশ নেওয়ায় কাওসার, আলিমুল, রাসেল ও দুই ছাত্রীকে আসামি করা হয়েছে। শুরুর দিকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে অব্যাহতি দেওয়ারও সুপারিশ করা হয়েছে। হত্যা ঘটনার পর কাওসার যে আবাসিক হোটেলে রাত যাপন করেন, সেই হোটেল ব্যবস্থাপককেও ঘটনা চেপে রাখতে সহায়তা করায় অভিযুক্ত করা হয়েছে।তবে এ ব্যাপারে কোনো মন্তব্য না করে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে জানিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মুহিদুর রহমান প্রথম আলোকে বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত ধীরগতিতে হচ্ছে। এতে প্রকৃত অপরাধীদেরই অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান তিনি।