সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক যাত্রীর পুড়ে মারা যাওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত এক বছরেও শেষ করতে পারেনি পুলিশ।গত বছরের ১৮ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুল এলাকায় সিলেটগামী ‘সিলেট হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় আগুনে পুড়ে এক যাত্রী মারা যান।গত বছরের এই দিনে বিএনপির মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটসহ আট জেলায় চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, বাসে আগুন দেওয়ার ঘটনাকে পুলিশ ‘নাশকতা’ হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার আইনে পাঁচটি এবং একটি হত্যা মামলা করে। দ্রুত বিচার আইনে দায়ের করা পাঁচ মামলায় বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীকে ‘মদদদাতা’ হিসেবে উল্লেখ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। কিন্তু হত্যা মামলার তদন্ত এক বছরেও শেষ হয়নি। পুলিশ সূত্র জানায়, ইলিয়াস আলীসহ বিএনপির নেতা-কর্মীদের অভিযুক্ত করায় স্থানীয়ভাবে বিএনপি আন্দোলন শুরু করলে একই ঘটনায় করা হত্যা মামলার তদন্তে ধীর কৌশল অবলম্বন করে পুলিশ। হত্যা মামলার বাদী ছিলেন দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ। তিনি ওই মাসেই বদলি হয়ে মহানগর পুলিশের শাহ পরান থানায় যোগ দেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আমিনুল ইসলাম এক মাস পর প্রশিক্ষণ ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করছেন। গত ২৭ নভেম্বর দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আইনউদ্দিনকে নতুন তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। যোগাযোগ করা হলে তিনি এ-সংক্রান্ত তদন্ত কার্যক্রম শুরু করতে পারেননি বলে স্বীকার করেন। কবে থেকে তদন্ত শুরু হবে, সে বিষয়টিও নিশ্চিত করে বলতে পারেননি এসআই আইনউদ্দিন।আগুনে পোড়া সেই বাসটি আলামত হিসেবে দক্ষিণ সুরমা থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাসটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে। তদন্তের ধীরগতি প্রসঙ্গে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জন সামন্ত বলেন, ‘ঘটনাটি স্পর্শকাতর। এ জন্য পুলিশ সময় নিয়ে তদন্ত করছে।’