
ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার চার ইউনিয়নের অন্তত সাড়ে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল। কিন্তু গত এক বছরেও বাঁধ সংস্কার হয়নি। এতে প্রতি অমাবস্যা-পূর্ণিমার সময় ৩৭ গ্রাম প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত বছরের ৩০ জুলাই কোমেনের আঘাতে মাতারবাড়ী, ধলঘাট, শাপলাপুর ও কুতুবজোম ইউনিয়নে সাড়ে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। তারপর থেকে ভাঙা বাঁধ দিয়ে ৩৭টি গ্রামে জোয়ারের পানি ঢুকছে। এতে গ্রামগুলোর লক্ষাধিক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সম্প্রতি কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা ও তাজিয়াকাটা; শাপলাপুর ইউনিয়নের দিনেশপুরপাড়া ও হামিদখালি এবং মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাটসহ বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। এতে স্থানীয় লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, জোয়ারের পানিতে ধলঘাট ইউনিয়নে অন্তত ১০০টি পাতকুয়া ডুবে গেছে। এতে এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
ধলঘাট ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত বছর ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে বেড়িবাঁধ ভেঙে গেছে। কিন্তু এক বছর অতিবাহিত হলেও সেই ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার হয়নি। এতে এলাকার ৩০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, বাঁধ সংস্কারে পাউবোর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এতে আতঙ্কে আছে এলাকার ৫০ হাজার মানুষ।
ধলঘাট ইউপির চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ভাঙা বেড়িবাঁধ এক বছরেও সংস্কার না হওয়ায় এলাকার মানুষ ক্ষুব্ধ।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, জোয়ারের পানি ঢুকে চার ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান বলেন, কোমেনের আঘাতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের মধ্যে আধা কিলোমিটার জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়। কিন্তু বাকি প্রায় পাঁচ কিলোমিটার সংস্কার করা সম্ভব হয়নি। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে আরও ১০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সাত কিলোমিটার বেড়িবাঁধের সংস্কারকাজ শিগগিরই শুরু করা হবে।