এক বছরেও সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি খুনের বিচার হয়নি
সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি খুনের এক বছর পেরিয়ে গেছে। এখনো মামলাটি বিচারাধীন অবস্থায় ঝুলে আছে। তাঁদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ফরহাদ খাঁ স্মৃতি ফাউন্ডেশন এই স্মরণসভার আয়োজন করে।ফরহাদ খাঁ দম্পতিকে ২০১১ সালের ২৭ জানুয়ারি দিবাগত রাতে নয়াপল্টনের ভাড়াবাসায় গলা কেটে হত্যা করা হয়। তখন তিনি জনতার কণ্ঠ পত্রিকার সহসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।সভায় জানানো হয়, এ খুনের মামলায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলেও বিচারকাজ বিলম্বিত হচ্ছে। এই খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আরেক সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন হতেন না।সভায় প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে বলেন, দেশে যে সরকারই আসুক না কেন, তাদের উদ্দেশ্য হলো গণমাধ্যমকে শক্তিশালী না করে বরং দমন করা। তিনি আরও বলেন, সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি খুনের মামলাটি বিচারাধীন রয়েছে। মামলাটি দ্রুত বিচার আইনে নেওয়ার বিষয়টি সরকার হয়তো দেখবে। এ ছাড়া অপর সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, জাহাঙ্গীর আলম প্রধান, সৈয়দ মঞ্জুর মোর্শেদ প্রমুখ।বক্তারা বলেন, এ পর্যন্ত দেশে যত সাংবাদিক খুন হয়েছেন, তাঁদের খুনিদের বিচার হয়নি। সরকারের পাশাপাশি আমাদের সাংবাদিকদের মধ্যকার পারস্পরিক অসহযোগিতা এবং দায়িত্বশীলতার অভাবও এর কারণ। বক্তারা বলেন, সাংবাদিক ফরহাদ খাঁ ও সাগর-রুনি দম্পতির খুনিদের শাস্তি না হওয়া পর্যন্ত সব সংবাদ সংস্থার উচিত সরকারবিষয়ক কোনো সংবাদ প্রকাশ না করা।