এক বছরেও সাক্ষী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব দৃষ্টিপ্রতিবন্ধী খলিলুর রহমান হত্যার চার বছর পর বিচার শুরু হয়েছিল। কিন্তু শুরুর পর এক বছর পেরিয়ে গেলেও কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এ মামলার মূল আসামি ওই সংস্থারই বর্তমান সভাপতি মিনহাজ উদ্দিন ও মহাসচিব আয়ুব আলী হাওলাদার। তাঁরাও দৃষ্টিপ্রতিবন্ধী।
২০১১ সালের ১ জানুয়ারি খলিলুরকে রাজধানীর মিরপুরের একটি বাসায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় হওয়া মামলায় মিনহাজ (৪৭) ও আয়ুবকে (৪৩) প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত বছরের ১০ মে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বিচার শুরুর আদেশ দেন।
গত বুধবার ছিল ওই মামলার সাক্ষ্য গ্রহণের দিন। কিন্তু বুধবারও কোনো সাক্ষী আদালতে যাননি। সাক্ষী হাজির করার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন প্রথম আলোকে বলেন, শিগগিরই এই মামলার সব সাক্ষীকে পর্যায়ক্রমে আদালতে হাজির করা হবে।
বুধবার খলিলুর হত্যা মামলার কোনো সাক্ষী হাজির না হলেও আদালতে হাজির হন অন্যতম আসামি অন্ধ সংস্থার মহাসচিব আইয়ুব। আর সভাপতি মিনহাজ আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। কেবল এই হত্যা মামলাই নয়, মিনহাজ ও আয়ুব ওই সংস্থারই সাংগঠনিক সচিব দৃষ্টিপ্রতিবন্ধী ইদ্রিসুর রহমান হত্যা মামলার প্রধান আসামি।
ইদ্রিসুরকে ২০১১ সালের ৩ জুলাই চকবাজারে অন্ধ সংস্থার কার্যালয়ে জবাই করে হত্যা করা হয়। ২০১৪ সালের ১ ডিসেম্বর ঢাকার ২ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মিনহাজ, আয়ুবসহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু করেন। এই মামলা বর্তমানে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন। এখন পর্যন্ত এই মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকি সাক্ষীদের বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করেছেন।
আদালত চত্বরে ৮ জুন কথা হয় মিনহাজ ও আয়ুবের সঙ্গে। মিনহাজ ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের (সিজিএম) এজলাসের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই আদালতে অর্থ আত্মসাতের একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরেক দৃষ্টিপ্রতিবন্ধী জাহাঙ্গীর হোসেন। মিনহাজ বলছিলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জাতীয় অন্ধ সংস্থার একটি বিরোধী পক্ষ আমাকে মামলায় ফাঁসিয়েছে।’ তাঁর এই বক্তব্য সমর্থনও করলেন জাহাঙ্গীর। পরে মিনহাজ বলেন, ‘আমার নামে ডাকাতির মামলাও দিয়েছে।’ খোঁজ নিয়ে জানা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা খলিলুর ২০১০ সালে জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব হন। ওই নির্বাচনে পরাজিত হয় মিনহাজ-আয়ুব প্যানেল। এরপর মিরপুরের একটি বাসায় ২০১১ সালের ১ জানুয়ারি খলিলুরকে গুলি করে হত্যা করা হয়।