এক বছরেও সুপারিশ বাস্তবায়ন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সম্প্রসারণের সুপারিশ বাস্তবায়ন হয়নি গত এক বছরেও। গত বছর এবং চলতি বছরের ২৩ জানুয়ারি দুবার এ নিয়ে মহানগর প্রাথমিক শিক্ষা কমিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সুপারিশ উপস্থাপন করে। জানা গেছে, প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন প্রকল্পের অধীনে সুপারিশ বাস্তবায়নের কথা রয়েছে। ১৪ সদস্যবিশিষ্ট মহানগর প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক। সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জানা যায়, সুপারিশ অনুযায়ী নগরের নন্দনকানন এলাকায় চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ভেতরের পরিত্যক্ত ভবন ভেঙে গড়ে তোলা হবে চারতলাবিশিষ্ট বহুতল ভবন। সেখানে থাকবে কোতোয়ালি, চান্দগাঁও এবং পাঁচলাইশ থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়। বতর্মানে এসব কর্মকর্তার কার্যালয় রয়েছে নগরের আগ্রাবাদ কমার্স কলেজসংলগ্ন একটি ভবনে। সেখান থেকে এগুলো স্থানান্তর করা হবে। এ ছাড়াও বহুতল ভবনটিতে একটি মিলনায়তন, ৩০ জন কর্মকর্তার থাকার মতো একটি ডরমেটরি, ক্যানটিন এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। অপরদিকে, আটতলা স্থাপনার (ফাউন্ডেশনের) চারতলাবিশিষ্ট বর্তমান ভবনটির ওপরের দিকে গড়ে তোলা হবে শিক্ষকদের জন্য চারটি গেস্টরুম এবং শিক্ষক-কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণকেন্দ্র। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২৩ জানুয়ারি মহানগর প্রাথমিক শিক্ষা কমিটি প্রথমবারের মতো এসব সুপারিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তুলে ধরে। এরপর একই সুপারিশ এ বছরের ২৩ জানুয়ারি আবারও তুলে ধরা হয় মহাপরিচালকের কার্যালয়ে। এ সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। এরপর কোনো অগ্রগতির খবর তাঁদের জানা নেই। সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাইলে কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালনকারী জেলা প্রাধমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘আসলে এ ক্ষেত্রে বিপুল অঙ্কের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে বলে সুপারিশ বাস্তবায়নে সময় লাগছে। আমরা ইতিমধ্যে এ-সংক্রান্ত যাবতীয় ব্যয়ের হিসাব প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানি।’