নারায়ণগঞ্জের তরুণ নাট্যকার দিদারুল ইসলাম ওরফে চঞ্চল (২০) হত্যাকাণ্ডের রহস্য এক বছরেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। সন্দেহভাজন পাঁচ আসামির মধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও তাঁদের কাছ থেকে কোনো তথ্য বের করতে পারেনি। এ অবস্থায় হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন দিদারুলের পরিবার ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেটে একটি চায়ের দোকানের সামনে থেকে গত বছরের ১৬ জুলাই রাতে নিখোঁজ হন দিদারুল। ১৮ জুলাই বন্দর উপজেলার শান্তিধারা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় তাঁর পিঠে ধারালো অস্ত্রের একটি আঘাত, অণ্ডকোষ থেঁতলানো ও গলায় শ্বাসরোধের চিহ্ন ছিল। এ ঘটনায় প্রথমে বন্দর থানায় মামলা হয়। এর এক মাস পর মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সরকারি তোলারাম কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র দিদারুল নাট্যকার ও সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিলেন তিনি।
মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে ২০১২ সালের ১৩ জুলাই ঢাকার শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হওয়া ১০০টি নাটকের মধ্যে দিদারুলের রচিত বক্তাবলীও ছিল। নাটকটির জন্য পুরস্কার পান তিনি।
নিহত ব্যক্তির বড় ভাই যোবায়ের ইসলাম প্রথম আলোকে বলেন, দিদারুল হত্যাকাণ্ডের এক মাস পর তাঁরা আদালতে পাঁচজনের নামে একটি মামলা করেন। মামলায় দিদারুলের বন্ধু রুহিত, মিম প্রধান, রাকিব, রাশেদ ও শফিকে আসামি করা হয়। তাঁদের মধ্যে মিম ও রাকিবকে গ্রেপ্তার করে র্যাব। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল ওই দুজনকে একবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য বের করতে পারেননি।
দিদারুল হত্যাকাণ্ড প্রসঙ্গে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি অভিযোগ করেন, ‘পুলিশ দিদারুলের পরিবারের কাছ থেকে আর্থিক সুবিধা না পেয়ে মামলাটিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পুলিশ দুই আসামিকে এক দফা রিমান্ডে নেওয়ার পরও কোনো কথা বের করতে পারেনি। অথচ তথ্য বের করতে না পারলে একাধিকবার আসামিকে রিমান্ডে নেওয়ার নজির আছে।’
মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ডিবির এসআই তরিকুল ইসলাম জানান, মামলার দুই আসামি কারাগারে। দুজন পলাতক। এক আসামি হাইকোর্ট থেকে জামিনে আছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে।
নাটক দিয়েই বিচারের দাবি: দিদারুল হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী উপলক্ষে বিচারের দাবিতে তাঁর পরিবার ও সংগঠন ঐকিক থিয়েটার, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে প্রতিবাদী কর্মসূচি পালন করে। সেখানে দিদারুলের লেখা বক্তাবলী নাটকের নির্বাক নিঃশব্দ পরিবেশনার মধ্য দিয়েই তাঁকে সঞ্চরণ এবং খুনিদের বিচার দাবি করা হয়।