এক বছরেও হলো না
এক বছরেও খুলনা মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। গত ডিসেম্বরে মহানগর ছাত্রদলের সাত সদস্যের কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হলেও আজও তা করা হয়নি। এদিকে গত ২ মে থানা ও কলেজ কমিটিগুলো ভেঙে নতুন কমিটি গঠন করার কথা ছিল। কিন্তু আজও তা সম্ভব হয়নি। মহানগর, থানা ও কলেজগুলোতে নতুন কমিটি না হওয়ায় তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর ২০১০ সালের ১০ ডিসেম্বর খুলনা মহানগর ছাত্রদলের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিছুদিন পরে ওই মাসেই আরও দুজনকে অন্তর্ভুক্ত করে মহানগর ছাত্রদলের সাত সদস্যের কমিটি করা হয়। কমিটির সভাপতি ও সম্পাদক যথাক্রমে আরিফুজ্জামানও ও এসএম কামাল। এ কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়। কিন্তু এক বছরেও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। কমিটির সভাপতি আরিফুজ্জামান বলেন, ‘আমরা কমিটি গঠন করেছি। শিগগির তা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাব। উপজেলা নির্বাচন ও চেয়ারপারসনের সফর সব মিলিয়ে কমিটি করতে একটু দেরি হয়েছে।’ সাধারণ সম্পদক এস এম কামাল বলেন, ‘ছাত্রদল একটি বড় সংগঠন। সবাইকে নিয়ে নতুন কমিটি করতে হবে। তাই একটু দেরি হচ্ছে। আমরা যত শিগগির সম্ভব কমিটি করে ফেলব।’