এক বছরের কমিটি চার বছরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের কমিটি চার বছরে গড়ালেও বাংলাদেশ ছাত্রলীগের যশোর জেলার নতুন কমিটি গঠনের কোনো উদ্যোগ নেই। যে কারণে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাঈমুল ইসলাম ওরফে রিয়াদ হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ কমিটির ছয়জন নেতা আসামি। নতুন কমিটি করলে বয়সের কারণে এই ছয় নেতার অনেকে নিজ নিজ পদ থেকে ছিটকে পড়তে পারেন, এমন আশঙ্কায় সম্মেলন না করার জন্য তাঁরা কেন্দ্রে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২৫ ও ২৬ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সম্মেলনের আগে সারা দেশের সব ইউনিট পুনর্গঠন করতে হয়। সে অনুযায়ী, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সাত জেলার সম্মেলন ইতিমধ্যে শেষ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষে খুলনা ও মাগুরা জেলার সম্মেলন স্থগিত করা হয়। কিন্তু যশোরের সম্মেলনের কোনো দিনক্ষণ ঠিক করা হয়নি।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক সরদার ফরিদ আহম্মদ বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর ছাত্রলীগের সম্মেলন করার কথা। কিন্তু তা করা হয়নি। জেলার বর্তমান কমিটি চার বছরে পা দিয়েছে। তারপরও সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়নি। সম্মেলন না হওয়ায় সাংগঠনিক কর্মকাণ্ডে গতি হারিয়ে যাচ্ছে। আমাদেরও নেতৃত্বে আসার বয়স হারিয়ে যাচ্ছে। এসব কারণে আমরা হতাশ।’
নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের তিনজন সদস্য বলেন, জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতা ভাবমূর্তির (ইমেজ) সংকটে পড়েছেন। সাধারণ সম্পাদক আনোয়ারসহ ছয় নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ হত্যা ও সভাপতি আরিফুল ইসলামের বিরুদ্ধে ট্রাক চুরির মামলা রয়েছে। তা ছাড়া তাঁদের পদে থাকার বয়সও নেই। এরপরও তাঁরা পদে থাকার জন্য কেন্দ্রে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় সম্মেলনের আগেই যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন করা হবে।’
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, ২০১১ সালের ৯ জুলাই আরিফুল ইসলামকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের ১৫ সদস্যের কমিটি করা হয়। ২০১২ সালের ৯ ডিসেম্বর ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কমিটিতে এক ঝাঁক নতুন নেতৃত্ব আসায় ব্যাপক সাড়া পড়ে তৃণমূলে। কিন্তু বিভক্তসহ নানা কারণে জেলার বর্তমান নেতৃত্ব আট উপজেলার ছয়টিতেই কমিটি গঠন করতে ব্যর্থ হয়। ফলে প্রায় এক যুগ আগে গঠিত কমিটি দিয়ে চলছে চৌগাছা, ঝিকরগাছা, মনিরামপুর, অভয়নগর ও সদর উপজেলা ছাত্রলীগ। কেশবপুর চলছে আহ্বায়ক কমিটি দিয়ে।
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ, পলিটেকনিক কলেজসহ বিভিন্ন পৌরসভার ইউনিটও গঠন করা হয়নি। জেলা কমিটির দ্বন্দ্বে এসব ইউনিট গঠন করাও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।
তৃণমূল নেতা-কর্মীদের দাবি, মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি ভেঙে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগকে শক্তিশালী করা হোক।