এক বছরের কাজ আড়াই বছরেও শেষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকায় তিন কোটি ৮২ লাখ টাকার ৪১৪ মিটার বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে সংশ্লিষ্ট ঠিকাদার এক বছরের ওই কাজ আড়াই বছরে শেষ দেখিয়ে বরাদ্দের কোটি টাকা লুটপাটের চক্রান্ত করছেন৷
স্থানীয় (কক্সবাজার-২) সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, নির্মিতব্য ৪১৪ মিটার বাঁধের পাশে আরও ৫০০ মিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে এখন জোয়ার-ভাটা চলছে৷ জোয়ারের পানিতে যেকোনো মুহূর্তে তিন কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য বেড়িবাঁধটি সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে।
গত শনিবার সরেজমিন রাজঘাট ঘুরে দেখা গেছে, পূর্ণিমার জোয়ারের আঘাতে তৈরি বেড়িবাঁধ বিলিন হচ্ছে৷ বাঁধের পাশে বসানো সিসি ব্লকগুলো ধসে পড়ছে৷ বাঁধের ওপরে (মাটি) প্রস্থ ১২ফিট চওড়া চলাচলের রাস্তা করার কথা থাকলেও দেখা গেছে চার থেকে ১০ ফিট। পরিদর্শনের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিডেট এবং পাউবোর কাউকে এলাকায় পাওয়া যায়নি৷
জানতে চাইলে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিডেটের পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, এক সপ্তাহ আগেই তাঁরা বাঁধের নির্মাণকাজ শেষ করেন৷ টাকার অভাবে এক বছরের কাজ শেষ করতে আড়াই বছর লেগেছে৷ বাঁধ নির্মাণ ও সিসি ব্লক তৈরিতে কোনো অনিয়ম করা হয়নি দাবি করে ঠিকাদার বলেন, বাঁধের পাশে ঘরবাড়ি থাকায় ওপরের অংশ ১২ ফুট চওড়া রাখা সম্ভব হয়নি৷ এখন বাঁধ বিলীন হলে করার কিছু নেই৷
পাউবোর স্থানীয় মাঠ কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, বাঁধে ব্লক বসানোর কাজ এখনো বাকি৷ বর্ষার আগে কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে তাগাদা দেওয়া হচ্ছে৷ ২০১২ সালের ১২ ফ্রেব্রুয়ারি কাজ শুরু করে এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা করতে পারেনি।
স্থানীয় মাতারবাড়ির ইউপি সদস্য আবুল কাসেম বলেন, বাঁধ নির্মাণের সময় পূর্ব পাশে চর এলাকা থেকে মাটি নেওয়ার কথা ছিল৷ কিন্তু সেখান থেকে মাটি না নিয়ে ঠিকাদার বাঁধের গোড়া থেকে মাটি কেটে পুরোনো বাঁধের ওপরে ফেলেছে৷ এতে বাঁধটি সাগরে ধসে পড়তে পারে৷
স্থানীয় রাজঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম ও আবদুর রহমান বলেন, ‘পাঁচ মাস আগে বাঁধে নিম্নমানের সিসি ব্লক বসানোর সময় আমরা পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী বরাবরে ঠিকাদারের অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছিলাম। কিন্তু নির্বাহী প্রকৌশলী অভিযোগের তদন্ত করবেন দূরের কথা, গত কয়েক মাসে তিনি একটিবারের জন্যও এলাকায় আসেননি। ঠিকাদারের সঙ্গে গোপন আঁতাত করে তিনি যেনতেনভাবে এই বাঁধের নির্মাণকাজ শেষ দেখাতে চাইছেন৷’
অভিযোগ ভিত্তিহীন দািব করে পাউবো নির্বাহী প্রকৌশলী এ কে এম সফিকুল হক বলেন, বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হচ্ছে না। ওপরের নির্দেশেই তিনি ঠিকাদারকে বিল পরিশোধ করছেন৷ সর্বশেষ এক মাস আগে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেছিলেন। তবে বাঁধের এখন কী অবস্থা, তা তাঁর জানা নেই৷