সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রীনিবাসের নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। ছাত্রীনিবাসের চারতলা ভবন নির্মাণের কথা থাকলেও করা হয়েছে তিনতলা। এ কারণে ভবনটি কলেজ কর্তৃপক্ষ বুঝে নেয়নি। আর সেখানে এখনো গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া হয়নি। ফলে ছাত্রীনিবাসটি কোনো কাজে আসছে না।কলেজ সূত্রে জানা যায়, ১০০ ছাত্রীর আবাসনের ব্যবস্থার জন্য প্রায় এক কোটি টাকা ব্যয়ে কলেজ ক্যাম্পাসে ওই ছাত্রীনিবাসের নির্মাণকাজ শুরু হয় ২০০৩ সালের সেপ্টেম্বরে। দরপত্র অনুযায়ী এক বছরের মধ্যে ছাত্রীনিবাসের চারতলা ভবনের নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু ২০০৫ সালে ভবনটির কাজ তিনতলা পর্যন্ত করে শিক্ষা প্রকৌশল বিভাগ কলেজ কর্তৃপক্ষের কাছে এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ চারতলা ছাড়া এটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। চারতলার বদলে কেন তিনতলা ভবন নির্মাণ করা হয়েছে, সে ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কয়েকটি চিঠি দিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে জানতে চায়। কিন্তু এসব চিঠির কোনো জবাব পাওয়া যায়নি।এবার সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে স্নাতক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চানপুর গ্রামের ফওজিয়া আক্তার ও তাহিররপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের সাবিনা বেগম। তাঁরা বলেন, ‘কলেজে ভর্তি হয়েই শুনেছিলাম ছাত্রীনিবাস হচ্ছে। কাজ শেষ হলেই আমরা হলে উঠতে পারব। কিন্তু ভবনের কাজ শেষ হওয়ার আগেই কলেজে আমাদের লেখাপড়া শেষ হয়ে গেছে।’কলেজের উপাধ্যক্ষ মহিবুল ইসলাম চৌধুরী বলেন, কলেজে শিক্ষার্থী তিন হাজারের বেশি। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকা থেকে এসে মেয়েরা এ কলেজে ভর্তি হয়। শহরে তাদের থাকাটাই বড় সমস্যা। ছাত্রীনিবাসটি দ্রুত চালু করা জরুরি। কলেজের অধ্যক্ষ সেলিম খান বলেন, ‘আমরা ছাত্রীনিবাসটি দ্রুত চালু করতে চাই। কিন্তু এখনো পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া হয়নি। ভবনের সীমানা দেয়াল হয়নি। এ কাজগুলো হলেও ছাত্রীদের ভবনে তুলে দেওয়া যেত।’এ ব্যাপারে সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী শামসুল হক জানান, ভবনটির নির্মাণ ব্যয় ধরার ক্ষেত্রে ত্রুটি ছিল। নিচু জায়গা হওয়ায় ভবনের ভিত্তি তৈরি করতেই একতলার টাকা অতিরিক্ত ব্যয় হয়ে গেছে। এ কারণে ভবনটি তিনতলা করা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই ওই কাজ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এখনো কিছু কাজ বাকি আছে। এ জন্য ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে কাজ শেষ হবে বলে আশা করি।’