এক বছরের কাজ তিন বছরেও হলো না
ঠিকাদারের গাফিলতির কারণে জামালপুরের ইসলামপুর উপজেলার ধর্মকুড়া-জারুলতলা সড়কের একটি সেতুর নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি।
সড়কপথে বেলগাছা, পাথশি ও কুলকান্দি ইউনিয়নের সঙ্গে ইসলামপুর পৌর শহরের যোগাযোগ সহজ করার জন্য সেতুটি নির্মাণ করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের পর দুই বছরেরও বেশি সময় পার হলেও সেতুটির কাজ শেষ না হওয়ায় ইসলামপুর শহর ও সংশ্লিষ্ট তিন ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সেতুটির নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় এসব এলাকার মানুষকে ১০ কিলোমিটার ঘুরে ইসলামপুর-গুঠাইল সড়ক অথবা মলমগঞ্জ হয়ে উপজেলা সদর ও জেলা শহরে যেতে হচ্ছে।
স্থানীয় বিএম কলেজের অধ্যক্ষ এ কে এম মোস্তফা কামাল জানান, সেতুটির পশ্চিমে বেলগাছা উচ্চবিদ্যালয় ও বিএম কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় সেতুর পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকার সাড়ে তিন শ শিক্ষার্থী ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। শুকনো মৌসুমে সেতুটির নিচ দিয়ে হেঁটে চলাচল করা গেলেও বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে কলাগাছের ভেলা কিংবা খেয়া নৌকায় খালটি পারাপার হতে হয়।
এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কে যাতায়াতের জন্য বিকল্প রাস্তা তৈরি না করেই ঠিকাদার সেতু নির্মাণ শুরু করেন। এ কারণে গত চার বছর ধরে ওই সড়কে চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ইসলামপুর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বেলগাছা ইউনিয়নের দেলীরপাড় গ্রামে যমুনা নদীর একটি শাখা খালের ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। এর দৈর্ঘ্য ৯৫ মিটার এবং প্রস্থ ৫ দশমিক ৫ মিটার। নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা। কার্যাদেশ পাওয়ার পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শুরু করে মেসার্স এসএইচবি অ্যান্ড আরসি জেভি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১০ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল।
এলাকার কয়েকজন জানান, সেতুটির পশ্চিম প্রান্তে বেলগাছা ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম ও কুলকান্দি ইউনিয়নের জারুলতলা, কাছিমা, বেড়ীগ্রাম, ফকিরপাড়া, মাছপাড়া ও ধনতলা গ্রাম এবং পূর্ব প্রান্তে পাথশি ইউনিয়নের নলভাঙা, দেলীরপাড়, মুখশিমলা, হাড়িয়াবাড়ি, পলবান্ধা ও ইসলামপুর শহর।
সেতুটি নির্মিত হলে ইসলামপুর শহর ছাড়াও উপজেলার চারটি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষের যাতায়াত সহজ হবে। সেতু না থাকায় তাঁদের এখন ভারী মালামাল নিয়ে অনেক পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে৷ সেতুর কাজ শেষ না হওয়ায় এলাকায় উৎপাদিত ধান ও শাকসবজি আনা-নেওয়ার ক্ষেত্রে কৃষকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝমাঝি ২৫ মিটার অংশে এখনো স্লাব (কংক্রিটের পাটাতন) বসানো হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোহরাব হোসেন বলেন, ‘সেতুটির কাজ আমি করছি না। আমার লাইসেন্সে জামালপুর সদর উপজেলার চন্দ্রা এলাকার কামরুল ও ওই উপজেলার জাকিউল হক নামে একজন ঠিকাদার নির্মাণকাজ করছেন।’ নির্মাণকাজের বিষয়ে জানতে চাইলে তিনি ওই দুজনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
সেতুর কাজ তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী রমজান আলী বলেন, সেতুটির প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বরাদ্দ না থাকায় ঠিকাদার কাজে আগ্রহী ছিলেন না, এখন কিছু টাকা পাওয়া গেছে। সেই টাকায় কিছু দিনের মধ্যে বাকি কাজ শুরু করা হবে।