এক বছরের কাজ দুই বছরেও শেষ হয়নি
মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা-কুলপুদ্দি সড়কটি চার লেন করার কাজ শেষ না হওয়ায় ওই সড়কপথে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। গত বছরের মার্চে এ কাজ শেষ হওয়ার কথা ছিল। অথচ এক বছর সময় বাড়ানোর পর এখনো সড়কের ৮০ শতাংশ কাজ বাকি আছে। কালকিনি-মোল্লারহাট, কালকিনি-সমিতিরহাট, কালকিনি-রমজানপুর সড়কের যাত্রীদের এ সড়ক দিয়ে জেলা সদরে যাতায়াত করতে হয়।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাদারীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, সওজ সড়কটির সোয়া তিন কিলোমিটার অংশ (ভূরঘাটা থেকে দড়িরচর লক্ষ্মীপুর) দুই লেন থেকে চার লেনে উন্নীত করার জন্য দরপত্র আহ্বান করলে ২০১১ সালের ৩০ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান রোড অ্যান্ড ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির পক্ষে ২০ কোটি ৫৬ লাখ টাকার এই কাজ পান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক এবং যুবলীগের কেন্দ্রীয় সদস্য মীর মামুনুর রশীদ। ৩৬০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। পরে আরও এক বছর সময় বাড়িয়ে ২০১২ সালের মার্চের মধ্যে কাজ শেষ করতে বলা হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারকে আরও এক বছর সময় বাড়ানোর জন্য সওজের ঢাকা কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সরেজমিনে দেখা গেছে, কালকিনি-ভূরঘাটা সড়কের ব্র্যাক কার্যালয়ের সামনে ১২ মিটার দীর্ঘ একটি কালভার্ট নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। সড়কের ওই অংশে চারটি বক্স কালভার্টের কোনোটির কাজ পুরোপুরি শেষ হয়নি। রাস্তার নানা জায়গায় খানাখন্দ। বৃষ্টি হলেই এগুলোতে পানি জমে। সড়কটি প্রশস্ত করার কাজ এখনো শুরুই হয়নি। ফলে সরু রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। কালকিনি-ভূরঘাটা সড়কের যাত্রী আরমান হোসেন, রহমান, ইব্রাহীম, সোহেল হোসেন বলেন, আমাদের দুর্ভোগ কবে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিকাদার এক বছরের কাজ দুই বছরেও শেষ করতে পারল না। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, ‘যে পরিমাণ কাজ করেছি, তার অর্ধেক টাকাও পাইনি। আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।’ মীর মামুনুর রশীদ বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে সময় বাড়াতে হবে। সওজ মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, প্রথম দফায় এক বছর সময় বাড়ানোর পর দ্বিতীয় দফায় আরও এক বছর সময় বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। ঠিকাদারকে সোয়া তিন কোটি টাকার বিল দেওয়া হয়েছে।