এক বছরের প্রচেষ্টায় বাল্যবিবাহমুক্ত ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মল্লিকপুর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে। তার বয়স ১৩ কি ১৪ বছর। এই বয়সে বিয়ে যে আইনত দণ্ডনীয়, তা জানে বিদ্যালয়ের স্টুডেন্টস ক্যাবিনেটের খুদে সদস্যরা। তারা মুঠোফোনে বিষয়টি জানিয়ে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)।
ঘটনা শুনে ইউএনও স্টুডেন্টস ক্যাবিনেটের (ছাত্র পরিষদ) সদস্যদের আশ্বস্ত করে বলেন, ‘তোমরা অপেক্ষা করো। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’ তবে তারা বিনয়ের সঙ্গে ইউএনওকে বলে, ‘স্যার, আমরাই আমাদের সহপাঠীর বিয়ে বন্ধ করতে পারব।’
ইউএনও গোপনে পুলিশ পাঠালেন। কিন্তু বলে দিলেন, তারা যেন বিয়ে বন্ধে হস্তক্ষেপ না করে। ছাত্র পরিষদের সদস্যরাই সেটা করবে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলেই যেন পুলিশ হস্তক্ষেপ করে।
ঘটনার দিন পুলিশ ও প্রশাসনের প্রত্যক্ষ ভূমিকা ছাড়াই এ বাল্যবিবাহ ঠেকিয়ে দেয় শিক্ষার্থীরা। এ জন্য পুরস্কৃতও হয় তারা।
সেই ঈশ্বরগঞ্জ এখন বাল্যবিবাহমুক্ত। তবে এর নেপথ্যে রয়েছে ঈশ্বরগঞ্জের ইউএনও রাজীব কুমার সরকার, উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং বিভিন্ন গ্রামের একঝাঁক সচেতন মানুষের পরিকল্পিত শ্রম। এর শুরু বছর খানেক আগে। আর এক বছরেই গর্ব করার মতো সাফল্য—‘বাল্যবিবাহমুক্ত উপজেলা ঈশ্বরগঞ্জ’।
ঈশ্বরগঞ্জকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করার প্রত্যয় নিয়ে উপজেলা প্রশাসন কাজ শুরু করে ২০১৫ সালের এপ্রিলে। উদ্যোগটা নিয়েছিলেন ইউএনও রাজীব কুমারই। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘রূপকল্প ২০২১’ বাস্তবে দেখতে হলে নারীদের প্রতিষ্ঠিত করতেই হবে। আর নারীদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অন্যতম প্রধান কাজ হলো বাল্যবিবাহ বন্ধ করা। সেই চিন্তা থেকেই চ্যালেঞ্জটা তিনি নেন। এখন আর ঈশ্বরগঞ্জে কোনো বাল্যবিবাহ হয় না।
ইউএনওর এই দাবির সত্যতা পাওয়া যায় উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে। তাঁরাও জোর দিয়ে বলেন, ঈশ্বরগঞ্জ এখন বাল্যবিবাহমুক্ত।
রাজীব কুমার বলেন, তিনি ২০১৫ সালের ১৯ মার্চ ঈশ্বরগঞ্জে যোগদান করেন। বিভিন্ন এলাকা থেকে বাল্যবিবাহের অভিযোগ এলে পুলিশ পাঠিয়ে কোনো কোনোটা বন্ধ করা হতো। কিন্তু এমনও হয়েছে, পরে রাতের আঁধারে বা দূরে কোথাও নিয়ে গিয়ে বিয়েটা ঠিকই হয়েছে। এতে তাঁর উপলব্ধি হয়, শুধু আইন প্রয়োগ করে বাল্যবিবাহ বন্ধ করা কঠিন। এভাবে সাধারণ দরিদ্র মানুষকে শুধু প্রতিপক্ষই বানানো হবে। এর চেয়ে সবাইকে সচেতন করা গেলেই বাল্যবিবাহ বন্ধ হওয়া সম্ভব।
২০১৫ সালের ১ এপ্রিল থেকে শুরু হয় প্রথম ধাপের কাজ—সচেতনতা সৃষ্টি। চলে গ্রামে গ্রামে গিয়ে উঠানবৈঠক, স্কুল-কলেজে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়। ধর্মীয় প্রতিষ্ঠান ও কাজিদের সঙ্গেও চলে মতবিনিময়। স্থানে স্থানে সাঁটানো হয় বাল্যবিবাহের কুফল-সংবলিত পোস্টার। ইউপি সচিবদের বলে দেওয়া হয়, বাল্যবিবাহের উদ্দেশ্যে কেউ যাতে বয়স বাড়িয়ে জন্মনিবন্ধন করাতে না পারে।
একপর্যায়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীও এ লড়াইয়ে যুক্ত হন। তিনি বিভিন্ন মতবিনিময় সভায় গিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান।
পরিসংখ্যান থেকে জানা যায়, বাল্যবিবাহের প্রবণতা বেশি এমন এলাকার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভায় মোট ছয় হাজার মানুষ বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ নেন। বিভিন্ন গ্রামে মোট ৬২টি উঠানবৈঠক হয়েছে। এ ছাড়া পুরো উপজেলায় বাল্যবিবাহ বন্ধে মাইকিং করা হয়। বিতরণ করা হয় পাঁচ হাজার পোস্টার ও লিফলেট।
২০১৫ সালের জুনে শেষ হয় প্রথম ধাপের কাজ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ছিল দ্বিতীয় ধাপ। এই সময়ে সচেতনতামূলক কাজের পাশাপাশি কর্মপরিকল্পনায় আসে আইন প্রয়োগ। কোথাও বাল্যবিবাহ হচ্ছে, খবর পেলেই নেওয়া হয় কঠোর ব্যবস্থা। তবে তত দিনে বাল্যবিবাহের প্রবণতা অনেকটাই কমে আসে। ওই চার মাসে উপজেলায় বাল্যবিবাহের ঘটনায় মাত্র তিনজনের অর্থদণ্ড ও তিনজনের কারাদণ্ড হয়। দণ্ড হয় দুজন কাজিরও।
এভাবে ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত উপজেলায় মোট ২৭টি বাল্যবিবাহ বন্ধ করে প্রশাসন। গত মে মাস থেকে এখন পর্যন্ত উপজেলার কোথাও বাল্যবিবাহের খবর পাওয়া যায়নি।
কর্মপরিকল্পনার শেষ ধাপে একে একে ঈশ্বরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। ইউএনও রাজীব কুমার বলেন, ঈশ্বরগঞ্জে আর কোনো বাল্যবিবাহ হবে না। কারণ, গ্রামে গ্রামে মানুষ এখন সচেতন। তাঁরা বুঝতে পেরেছেন বাল্যবিবাহ কতটা ক্ষতিকর।
ইউএনও জানান, খুব শিগগির সরকার ঈশ্বরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলার স্বীকৃতি দিতে যাচ্ছে। চলতি জুনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হতে পারে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে।
কর্মতৎপরতা থেমে নেই: বাল্যবিবাহমুক্ত দাবি করে থেমে নেই ঈশ্বরগঞ্জবাসী। বাল্যবিবাহের প্রবণতা ছিল এমন এলাকা ও পরিবারের প্রতি এখনো সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে রয়েছে মনিটরিং কমিটি, যার সভাপতি সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান।
ঈশ্বরগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান হারিছ উদ্দিন বলেন, ‘ইউএনও প্রথমে আমাদের বললেন, তিনি ঈশ্বরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে চান। আমরা সম্মত হয়ে কাজ করলাম। এখন এ উপজেলায় বাল্যবিবাহ হয় না।’