এক বছরের মধ্যে তিস্তা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী তিস্তা চুক্তির বিষয়ে আন্তরিক। কিন্তু পশ্চিমবঙ্গে এবার তৃণমূল কংগ্রেস নির্বাচিত হওয়ায় সেটা সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর আগামী সফরে চুক্তি না হলেও অন্তত আগামী এক বছরের মধ্যেই তা হবে বলে আশা করা যাচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নিরাপদ কর্মস্থল, জীবনযাপন উপযোগী মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত চাই’ স্লোগানে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের কাছ থেকে সাবমেরিন কিনেছে, তেমনি ভারত থেকে হয়তো সমরাস্ত্র কেনার একটি সমঝোতা হতে পারে। এটা চুক্তি নয়। ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তাব প্রসঙ্গে মেনন বলেন, নির্বাচন হবে একটি সাংবিধানিক সরকারের অধীনে। এখন বিএনপি বলছে সহায়ক সরকারের কথা, যা ‘পুরোনো মদ নতুন বোতলে ভরার’ মতো ব্যবস্থা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘গার্মেন্টস নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের দেশে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর পার্শ্ববর্তী দেশে গড়ে উঠছে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে।’
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, শ্রমিকনেতা আমিরুল হক, হাফিজুর রহমান প্রমুখ।