চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ-সংক্রান্ত মামলাটি দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার জেলা আদালত ভবনের সামনের স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম গণহত্যার বিচারের রায় আজ পর্যন্ত ঘোষিত না হওয়াটা কলঙ্কজনক। এই কলঙ্ক থেকে মুক্তি পেতে আগামী এক বছরের মধ্যেই বিচার শেষ করার দাবি জানাচ্ছি।’ মহিউদ্দিন চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
২৬ বছর আগে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর তখনকার স্বৈর সরকারের পুলিশ গুলি চালালে ২৪ জন নিহত হন। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ২৪ জানুয়ারির গণহত্যার খলনায়ক তৎকালীন সিএমপি কমিশনার কুখ্যাত মির্জা রকিবুল হুদাকে খালেদা জিয়া রাজউকের চেয়ারম্যান করে শহীদের সঙ্গে বেইমানি করেছেন।’
ইফতেখার সাইমুলের সঞ্চালনায় আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্যসচিব শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আইনজীবী আইয়ুব খানসহ তপন কুমার দাশ, রণি কুমার দে, হাসান মাহমুদ শাকিল, টিপু সুলতান খান, মো. মাহতাব উদ্দিন, আমীর খসরু প্রমুখ। আলোচনা সভা শেষে পরিষদের নেতারা শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।