এক বছরের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শমশেরনগর বিমানবন্দরের রানওয়ের উন্নয়নকাজ শেষ হবে। এরপর এখানে আবার অভ্যন্তরীণ ফ্লাইট সার্ভিস চালু হবে।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে গত রোববার বিকেলে ওয়ার্কার্স পার্টি আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিগগিরই একটি টেকনিক্যাল কমিটি শমশেরনগর বিমানবন্দর পরিদর্শন করবে। তাদের মতামত জানার পর আগামী এক বছরের মধ্যে রানওয়ের উন্নয়নকাজ করা হবে। এরপর এ বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট সার্ভিস শুরু হবে।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা প্রতিরোধ করা সম্ভব নয়। তাই জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে জঙ্গি তৎপরতা প্রতিরোধ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিকন্দর আলী, জেলা কমিটির সম্পাদক আবদুল আহাদসহ আবদুল হান্নান প্রমুখ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার শমশেরনগর চা-বাগানের ৬২২ একর ভূমি অধিগ্রহণ করে একটি বিমানবন্দর গড়ে তোলে। বিমানবন্দরটিতে ছয় হাজার ফুট দীর্ঘ ও ৭৫ ফুট প্রশস্ত রানওয়ে রয়েছে। এখন বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার এখানে ওঠানামা করে।