এক বছরের মাথায় ফের বন্ধ হচ্ছে
চালুর এক বছরের মাথায় লোকসানের কারণে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিল ফের বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে মিলের প্রধান নীলকমল ইউনিট গত ২৯ আগস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। চাকরি হরিয়েছেন ৮২৫ শ্রমিক। মলিনি ইউনিটের উৎপাদন আগামী ৩০ সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হবে। এর ফলে মিলে কর্মরত ৯০০ শ্রমিক চাকরি হারাবে।সুন্দরবন মিল চালু রাখার দাবিতে সাতক্ষীরার নাগরিক কমিটির পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে। এর আগে সুন্দরবন মিল বন্ধ না করাসহ ছয় দফা দাবিতে কয়েক শ শ্রমিক সাতক্ষীরা শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে।১৯৮০ সালে সাতক্ষীরা শহরতলির মাগুরায় স্থাপিত সুন্দরবন টেক্সটাইল মিলটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ৩১ অক্টোবর বন্ধ ঘোষণা করা হয়। এতে চাকরি হারায় দেড় হাজার মানুষ। দুই বছর পর ২০১০ সালের ১ সেপ্টেম্বর মিলটি চালু করা হয় সার্ভিস চার্জ পদ্ধতিতে। এতে কর্মসংস্থান হয় ৯০০ শ্রমিকের। নারায়ণগঞ্জের কসমোপলিটন ইন্টারন্যাশনাল মিলে সুতা উৎপাদন করছিল। দুই বছরের জন্য চুক্তি হলেও গত ২২ মে লোকসানের কথা উল্লেখ করে মিল চালাতে অপরাগত প্রকাশ করে বিটিএমসি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। গত ২৯ আগস্ট মিলের প্রধান নীলকমল ইউনিট বন্ধ করে দেওয়া হয়। চাকরি হারানো শ্রমিক মুক্তিযোদ্ধা এছাব আলী, আবদুল হামিদ ও রিজিয়া বেগমসহ অনেকে বলেন, ‘মিল বন্ধ করে দেওয়ায় তাঁরা বেকার হয়ে পড়েছেন। তাঁদের বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। একদিকে চাকরি নেই, অন্য দিকে বাড়িঘরে পানি।’নারায়ণগঞ্জের কসমোপলিটন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক রতন সাহা জানান, মিলে উৎপাদিত সুতার মূল্য কম, ভারত থেকে সুতা আমদানি ও তুলা সংকটের কারণে তাঁদের প্রতিবছর প্রচুর পরিমাণ লোকসান গুনতে হচ্ছে। মিলের মহাব্যবস্থাপক আবদুল হান্নান জানান, কসমোপলিটন মিল চালাতে অপরাগতা প্রকাশ করলে আবার দুই দফা দরপত্র আহ্বান করা হয়। কিন্তু কোনো প্রতিষ্ঠান সাড়া দেয়নি। ৮ সেপ্টেম্বর তৃতীয় দফায় একটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। তারা ৪০০ পাউন্ডের প্রতি বেল সুতার উৎপাদন মূল্য দিতে চায় পাঁচ হাজার ৯০০ টাকা। আগের প্রতিষ্ঠান উৎপাদন বাবদ মূল্য দিত সাত হাজার ৫০৭ টাকা। ফলে এত কমমূল্যে কাজ দেওয়া হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত দেবে বিটিএমসি।