এক বছরের সেতু পাঁচ বছরেও হয়নি
নাটোরের গুরুদাসপুরের কামারপাড়া এলাকায় একটি সেতু নির্মাণের কাজ দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি। নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ বন্ধ করে রাখায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি।সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় উপজেলার খুবজিপুর ও বিয়াঘাটা ইউনিয়নের ১০-১২ হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে। সেতুর উত্তর পারের ব্যবসায়ীদের দুই কিলোমিটারের স্থলে ২২ কিলোমিটার ঘুরে মালামাল শহর থেকে গ্রামে নিয়ে আসতে হচ্ছে। একই কারণে কৃষকেরা তাঁদের পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছেন না। এলাকাবাসী জানান, ২০০৭ সালে যোগাযোগের সুবিধার জন্য কামারপাড়া এলাকায় নন্দকুঁজা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতুর দক্ষিণ পারে গুরুদাসপুর উপজেলা শহর। আর উত্তর পারে একই উপজেলার খুবজিপুর ও বিয়াঘাটা ইউনিয়ন। এই দুই ইউনিয়নের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনকে নানা প্রয়োজনে প্রতিদিন উপজেলা শহরে যেতে হয়। সেতুটি নির্মাণের কাজ শেষ না হওয়ায় এখনো তাদের নৌকা দিয়ে নদী পার হয়ে উপজেলা শহরে আসতে হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গুরুদাসপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচ স্প্যানের সেতু নির্মাণের কাজ শুরু হয়। এর দৈর্ঘ্য ৮৫ মিটার ও প্রস্থ ৩ দশমিক ৬৬ মিটার। এই কাজের জন্য এক কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মিতা কনস্ট্র্রাকশন কাজটি পায়। ২০০৮ সালে সেতুটি চলাচলের জন্য চালু করার কথা ছিল। এলাকাবাসী অভিযোগ করেন, টানা দুই বছর কাজ বন্ধ থাকার পর ২০০৯ সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে সেতুর নির্মাণকাজ শুরু হয়। এ সময় নিম্নমাণের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সেতুর ওপরের অংশের ঢালাইয়ের কাজ ভেঙে পড়ে। ওই সময় সংশ্লিষ্টদের ম্যানেজ করে তড়িঘড়ি করে আবারও কাজ শুরু করেন ঠিকাদার। কিছুদিন পর নদীতে পানি আসায় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ২০১১ সালের মার্চ মাসের দিকে কাজ শুরু করলে আবার সেতুর ওপরের অংশের ঢালাইয়ের কাজ ভেঙে পড়ে। পরে ঢালাইয়ের কাজ আবার শুরু হয়। ওই এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম ও আবদুল কাদের বলেন, ‘যথাসময়ে সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় আমাদের ব্যবসার সামগ্রী নিয়ে বেশ বিপাকে পড়তে হয়। দুই কিলোমিটারের স্থলে চাচকৈড় দিয়ে ১২ কিলোমিটার ঘুরে মালামাল পরিবহন করতে হয়।’ মিতা কনস্ট্রাকশনের ঠিকাদার লাকি জানান, সময়মতো বরাদ্দ না পাওয়ায় সেতুর কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে আগামী জুনের আগেই সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। অনিয়ম প্রসঙ্গ তিনি এড়িয়ে যান।উপজেলা প্রকৌশলী আবু মোহাম্মদ শফিউল আযম বলেন, ‘আমি নতুন এসেছি। দুর্নীতি হয়ে থাকলে আগের কর্মকর্তাই বলতে পারবেন। তবে সেতুটির নির্মাণকাজের সময়সীমা আগামী জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।’