এক বাংলাদেশি পর্বতারোহীর অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খারাপ আবহাওয়ায় পড়লে বেঁচে থাকার সম্ভাবনা কম। এটা মাথায় রেখেই পর্বতারোহীরা বের হন। ভবিষ্যতে যদি সুযোগ পাই, তবে আবারও পর্বতারোহণে বের হব।’
নেপালে হিমালয়ের অন্নপূর্ণা এলাকায় তুষারঝড়ের কবলে পড়েও বেঁচে গেছেন বাংলাদেশের অদম্য পর্বতারোহী মিঠুন দাস। গতকাল রোববার বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এভাবেই তাঁর অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
সেদিনকার অবস্থা সম্পর্কে মিঠুন বলেন, ‘আমরা সেদিন অন্নপূর্ণা থেকে এলডিসিতে নেমে আসছিলাম। কোনো দুর্ঘটনা আমাদের চোখে পড়েনি। আমরা যেখানে ছিলাম, সেখান থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব অনেক বেশি ছিল। তবে বরফ নেমে আসতে দেখেছি। আর পরদিন জানতে পারি যে এত বড় দুর্ঘটনা ঘটেছে।’
পর্বতারোহণ কতটা ঝুঁকিপূর্ণ ছিল? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা বুঝতে পারেনি পরিস্থিতি এতটা ঝুঁকিপূর্ণ হবে। তবে নেমে আসার সময় বুঝতে পারছিলাম পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ। আবহাওয়া ছিল খুবই ভয়ংকর। প্রচণ্ড ঠান্ডা ছিল।’
ঝুঁকি সম্পর্কে আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ৯ অক্টোবর ট্রেকিং শুরু করি। তখন ঝুঁকি সম্পর্কে আমাদের জানানো হয়নি। তবে আমরা জানতাম, সেখানকার আবহাওয়া খুব দ্রুতই পরিবর্তিত হয়।’
সুযোগ পেলে আবারও পর্বতারোহণ করবেন কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ঝুঁকিটা মাথায় রেখেই পর্বতারোহীরা পর্বতারোহণ করেন।’
অন্নপূর্ণা এলাকায় তুষারঝড়ে গত বুধবার থেকে গতকাল পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪০০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল এ উদ্ধার অভিযান শেষ হয়।